বার্ধক্য ঠেকিয়ে মানুষের ১৪০০ বছর বাঁচার সম্ভাবনা দেখছেন অধ্যাপক

ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় অগ্রগতির ফলে মানুষের আয়ু একদিন ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতে পারে বলে মনে করেন সুইডিশ দার্শনিক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নিক বোস্ট্রম। তবে এ জন্য মানুষের জৈবিক বার্ধক্য প্রক্রিয়া বন্ধ করার সক্ষমতা অর্জন করতে হবে।
সম্প্রতি এক পডকাস্টে সুপারইন্টেলিজেন্ট এআই বা অতিবুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য সুফল নিয়ে আলোচনায় তিনি বলেন, মানুষের বার্ধক্য না ঘটলে প্রত্যাশিত আয়ু ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বছর পর্যন্ত হতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকিশিত এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পৃথিবীর ইতিহাসে প্রমাণিত সর্বাধিক আয়ুর অধিকারী ফরাসি নারী জ্যাঁ কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচেছিলেন। ১৯৯৭ সালে তার মৃত্যু হয়। বোস্ট্রমের ধারণা বাস্তবে রূপ নিলে মানুষের প্রত্যাশিত আয়ু এর ১১ গুণেরও বেশি হতে পারে।
কীভাবে সম্ভব ১৪০০ বছর বেঁচে থাকা?
২০২৬ সালে প্রকাশিত ‘অপটিমাল টাইমিং ফর সুপারইন্টেলিজেন্স’ শীর্ষক একটি গবেষণাপত্রের খসড়ায় বোস্ট্রম তার এই ধারণার গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন।
তার মতে, বিজ্ঞানীরা যদি মানুষের জৈবিক বার্ধক্য প্রক্রিয়া বন্ধ করতে পারেন, তাহলে বয়স বৃদ্ধির সঙ্গে মৃত্যুঝুঁকি বেড়ে যাওয়ার প্রবণতাও কমানো সম্ভব হবে। সে ক্ষেত্রে একজন মানুষের বার্ষিক মৃত্যুঝুঁকি সুস্থ তরুণের মতোই থাকতে পারে।
উন্নত দেশগুলোতে ২০ থেকে ২৫ বছর বয়সী সুস্থ মানুষের বার্ষিক মৃত্যুহার প্রায় শূন্য দশমিক শূন্য ৫ থেকে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ বলে উল্লেখ করেছেন বোস্ট্রম। এই হার শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ ধরে হিসাব করলে মানুষের প্রত্যাশিত অবশিষ্ট আয়ু দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ বছর।
তবে এটি সম্পূর্ণই একটি তাত্ত্বিক হিসাব। এর অর্থ এই নয়, মানুষ দুর্ঘটনা, সহিংসতা কিংবা অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি থেকে মুক্ত থাকবে।
চিকিৎসাবিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে এআই
বোস্ট্রমের মতে, অতিবুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান ও বার্ধক্য প্রতিরোধসংক্রান্ত গবেষণায় ব্যাপক পরিবর্তন আনতে পারে।
উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে দুরারোগ্য রোগের চিকিৎসা উদ্ভাবন, বয়সজনিত কোষ ও টিস্যুর ক্ষতি মেরামত, ক্ষতিগ্রস্ত অঙ্গ ও অস্থিসন্ধির কার্যক্ষমতা পুনরুদ্ধার, ক্যানসারের আরও নিখুঁত চিকিৎসা এবং আলঝেইমারের মতো স্নায়ুক্ষয়জনিত রোগ মোকাবিলা সম্ভব হতে পারে বলে মনে করেন তিনি।
বোস্ট্রম বলেন, অতিবুদ্ধিমান এআই জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিকে বহুগুণ ত্বরান্বিত করতে সক্ষম হতে পারে। এমনকি আলঝেইমারে আক্রান্ত রোগীর মস্তিষ্কের হারিয়ে যাওয়া নিউরন পুনর্গঠনের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।
তবে এআই কোনো জাদুকরি ওষুধ আবিষ্কার করে মানুষকে অমর করে দেবে, বিষয়টি এমন নয়। বরং জটিল জৈবিক প্রক্রিয়া বিশ্লেষণ, সম্ভাব্য চিকিৎসাপদ্ধতি শনাক্ত, সিমুলেশন পরিচালনা এবং দীর্ঘমেয়াদি গবেষণার গতি বাড়াতে ভূমিকা রাখতে পারে এই প্রযুক্তি।
বার্ধক্য প্রতিরোধে কতটা এগিয়েছে বিজ্ঞান?
বার্ধক্য মানেই শুধু চুল পেকে যাওয়া কিংবা ত্বকে বলিরেখা পড়া নয়। এর সঙ্গে কোষ ও আণবিক পর্যায়ে পরিবর্তন, টিস্যুর কার্যক্ষমতা হ্রাস এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
২০২৬ সালের জুলাইয়ে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার মেডিসিন’-এ প্রকাশিত একটি পর্যালোচনায় বার্ধক্য প্রতিরোধের সম্ভাব্য কয়েকটি গবেষণার ক্ষেত্র তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কোষের জৈবিক অবস্থা পুনর্গঠন, ক্ষতিকর বার্ধক্যগ্রস্ত কোষ অপসারণ, রোগ প্রতিরোধব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট থাইমাস গ্রন্থির কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং শরীরের জৈবিক বয়স নির্ণয়ের প্রযুক্তি।
এসব গবেষণার মাধ্যমে ভবিষ্যতে মানুষের রোগের ঝুঁকি নির্ণয় এবং বার্ধক্যের গতি পরিবর্তন করা সম্ভব হচ্ছে কি না, তা মূল্যায়ন করা যেতে পারে।
তবে এসব পদ্ধতির কোনোটিই এখন পর্যন্ত মানুষের বার্ধক্য পুরোপুরি বন্ধ করার প্রমাণিত উপায় নয়। জৈবিক বয়স পরিমাপ করা এবং বার্ধক্য প্রতিরোধ করা এক বিষয় নয়।
অন্যদিকে, ‘নেচার রিভিউজ ড্রাগ ডিসকভারি’-তে প্রকাশিত ২০২৬ সালের একটি নিবন্ধে বলা হয়েছে, ওষুধ আবিষ্কারে এআইয়ের সম্ভাবনা ব্যাপক হলেও চিকিৎসাক্ষেত্রে এর কার্যকর প্রভাবের প্রমাণ এখনো সীমিত।
এআইয়ের উন্নয়নে বিলম্বেও কি বাড়তে পারে প্রাণহানি?
শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন বিশ্বের অনেক গবেষক ও প্রযুক্তিবিদ। নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত না হওয়া পর্যন্ত এআইয়ের বিকাশের গতি কমানোর পক্ষেও মত দিয়েছেন অনেকে।
বোস্ট্রম এসব ঝুঁকির কথা স্বীকার করলেও এআইয়ের উন্নয়নে বিলম্বের সম্ভাব্য ক্ষতির বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তার মতে, এআইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে দ্রুত অগ্রগতি সম্ভব হলে প্রতিবছর লাখ লাখ মানুষের জীবন রক্ষা করা যেতে পারে।
অতিবুদ্ধিমান এআই তৈরির বিষয়টিকে তিনি প্রাণঘাতী রোগে আক্রান্ত একজন রোগীর ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্তের সঙ্গে তুলনা করেছেন। অস্ত্রোপচারে বিলম্ব করলে চিকিৎসাপদ্ধতি আরও নিরাপদ হতে পারে, কিন্তু ততদিন রোগীর মৃত্যুঝুঁকিও থেকে যায়।
তবে বোস্ট্রমের গবেষণাপত্রটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। তার এই যুক্তি এআইয়ের বিকাশ ত্বরান্বিত করার পক্ষে কোনো প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ঐকমত্য নয়।
বাস্তবতা থেকে কতটা দূরে এই সম্ভাবনা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে মানুষের গড় প্রত্যাশিত আয়ু ছিল ৭৩ দশমিক ৩ বছর। তবে সুস্থ অবস্থায় বেঁচে থাকার প্রত্যাশিত সময় ছিল ৬২ দশমিক ৮ বছর।
সংস্থাটির ২০২৬ সালের অক্টোবরের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী মোট মৃত্যুর ৭৪ শতাংশের জন্য দায়ী ছিল অসংক্রামক রোগ। মৃত্যুর কারণ হিসেবে ডিমেনশিয়ার প্রভাবও ক্রমেই বাড়ছে।
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানুষের আয়ু বাড়লেও দীর্ঘ জীবন সুস্থভাবে কাটানো এখনো বড় চ্যালেঞ্জ।
নিক বোস্ট্রমের ১ হাজার ৪০০ বছর বেঁচে থাকার ধারণা ভবিষ্যৎ চিকিৎসাবিজ্ঞানের এক অসাধারণ সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে বর্তমান চিকিৎসাবিজ্ঞানের সক্ষমতা থেকে সেই সম্ভাবনার দূরত্ব এখনো অনেক। মানুষের বার্ধক্য পুরোপুরি বন্ধ করার কোনো প্রতিষ্ঠিত চিকিৎসাপদ্ধতি কিংবা এমন পরিবর্তন ঘটাতে বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতার বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।






