কাশ্মীরের সাম্প্রতিক ভয়াবহ হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি ফেরাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আগ্রহ দেখিয়েছে ইরান। ত্রয়োদশ শতাব্দীর একটি কবিতার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি।
আজ ২৬ এপ্রিল শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, এই শান্তি-আহ্বানে ছিল কাব্যিক ছোঁয়া দিয়ে তিনি বিখ্যাত ইরানি কবি সাদি শিরাজির ‘বনি আদম’ কবিতার কয়েকটি পঙক্তি উদ্ধৃত করে বোঝাতে চেয়েছেন, মানবজাতি একই দেহের অঙ্গ, একের কষ্টে অন্যেরও ব্যথা পাওয়া উচিত।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি জানান, ভারত ও পাকিস্তানকে তারা ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’ হিসেবে দেখে এবং এ অঞ্চলের শান্তি-স্থিতিশীলতা রক্ষায় তারা সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের পেছনে রয়েছে দীর্ঘ সভ্যতা ও সংস্কৃতির ঐতিহ্য।
সবমিলিয়ে, কাশ্মীর নিয়ে পুরনো দ্বন্দ্বের আঁচে এবারও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। তবে শান্তিপূর্ণ সমাধানের পথ খুলে দিতে কূটনীতির মঞ্চে নতুন আশার সুর বেজে উঠেছে—একটি প্রাচীন কবিতার ভাষায়।







