আন্তর্জাতিক

ডেঙ্গু নিয়ন্ত্রণে যে কৌশলে সফল ব্রাজিলের বিজ্ঞানীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে যে কৌশলে সফল ব্রাজিলের বিজ্ঞানীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন বা মশার কামড় থেকে বাঁচার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন এক কৌশলে সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। মশার শরীরে নিরীহ এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ কমানোর এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে উল্লেখযোগ্য ফল দিয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, এই কৌশলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গবেষণায় বিজ্ঞানীরা এডিস মশার শরীরে ‘ওলবাকিয়া’ নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করান। পরে এসব মশা পরিবেশে ছেড়ে দেওয়া হয়। ব্যাকটেরিয়াটি মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে এটি মশার শরীরে ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও হলুদ জ্বরের মতো ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করতে পারে।

গবেষকদের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া স্বাভাবিকভাবেই পাওয়া যায়। তবে ডেঙ্গু ও অন্যান্য ভাইরাস ছড়ানো এডিস মশার শরীরে সাধারণত এই ব্যাকটেরিয়া থাকে না। গবেষণার অংশ হিসেবে ৫ হাজার ৭০০ শিশুর নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছেড়ে দেওয়া এলাকায় শিশুদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের হার ছিল মাত্র ৪ শতাংশ।

অন্যদিকে, প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতাধীন এলাকায় এ হার ছিল ১৪ শতাংশ। অর্থাৎ নতুন পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। একই গবেষণায় চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমার তথ্য পাওয়া গেছে।

বিষয়:ডেঙ্গু ব্রাজিল মশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…