ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ

ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে দুই মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই গাজীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে টানা ১২ ঘণ্টা বৈঠক করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিন বছর আগে ঠিক করা বর্তমান ন্যূনতম মজুরির পরিমাণ সাড়ে ১২ হাজার টাকা।





