মার্কিন অবরোধের মধ্যেও হরমুজে নিয়ন্ত্রণ ধরে রাখার দাবি ইরানের

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত জলসীমায় নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরানের নৌবাহিনী।
সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা যায়।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্র এলাকায় নৌবাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি এসব দাবির মধ্যে বাণিজ্যিক জাহাজে হামলা এবং মার্কিন নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ও বাণিজ্যিক পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে।






