ফের শুল্ক বাড়ানোর পথে ট্রাম্প, তালিকায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত
বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এসব দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে পরিচালিত তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করা হতে পারে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের এরইমধ্যে আরোপিত দ্বিতীয় মেয়াদে শুল্কের সঙ্গে যুক্ত হবে এই অতিরিক্ত শুল্ক।
তবে নতুন শুল্কের হার কত হবে, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দেশভেদে শুল্কের হার ভিন্ন নির্ধারণ করা হতে পারে। মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম।
বিদ্যমান বাণিজ্য চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার পণ্যে ১৯ শতাংশ শুল্কসীমা বহাল রাখতে পারে ওয়াশিংটন। তবে বাংলাদেশের ক্ষেত্রে নতুন শুল্কের হার কত হতে পারে, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের মতে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা রয়েছে বলে চিহ্নিত দেশগুলোর পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তাব আসতে পারে। বিদ্যমান ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কের অতিরিক্ত হিসেবে এটি কার্যকর হতে পারে।
তদন্তের আওতায় রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।
গত মার্চে যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ তদন্ত শুরু হয়। ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর নতুন ব্যবস্থার মাধ্যমে তার একটি অংশ পুনর্বহালের উদ্যোগ নেয় প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের দাবি, অতিরিক্ত শিল্প উৎপাদনের মাধ্যমে চীন ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্যে বিশ্ববাজারে ভারসাম্যহীনতা তৈরি করছে। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে চীন বলেছে, তাদের রপ্তানি সক্ষমতা প্রতিযোগিতামূলক সুবিধার প্রতিফলন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে শুল্কের কারণে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে জনমতেও অসন্তোষ দেখা দিয়েছে। রয়টার্স-ইপসোসের সাম্প্রতিক জরিপে ৬২ শতাংশ উত্তরদাতা ট্রাম্পের আরোপিত শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেছেন।
নতুন শুল্কের বিষয়ে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।





