যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামির কোচের দায়িত্ব পেয়েই পরিকল্পনার কথা জানিয়েছেন টাটা মার্টিনো। ইংলিশ কোচ ফিল নেভিলের স্থলাভিষিক্ত হওয়ার পর বলেছেন, দলের বর্তমান অবস্থান এবং মৌসুমের বাকি সময়ের পরিকল্পনায় মেসিদের নিয়ে অনেক কাজ করতে হবে।
৬০ বর্ষী আর্জেন্টিনার সাবেক ফুটবলারের আশাবাদ দল নিয়ে, ‘আমি খুবই আশাবাদী। অবশ্যই অনেক কাজ রয়েছে যা করতে হবে, কিন্তু এটা শুধু মৌসুমে ঘুরে দাঁড়ানোর জন্য নয়। অন্যান্য আসরও রয়েছে, যা দল উপভোগ করছে এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভালো অবস্থানে রয়েছে। আমরা আসন্ন মৌসুমের জন্য পরিকল্পনা করছি।’
‘আমি ক্লাবের সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়ার পর এখানে এসেছি, কিন্তু আরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে যারা এই মুহূর্তে চোটে আছে। অন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও গোল্ডকাপের জন্য অনুপস্থিত এবং কে জানে অন্যরা আসতে পারবে কিনা।’
ফরাসি জায়ান্ট পিএসজির সাথে মেসির সব সম্পর্কের শেষ হচ্ছে আজ। বিশ্বজয়ী মেসি নতুন মৌসুমে ইন্টার মিয়ামিতে যাচ্ছেন, আগেই ঘোষণা দিয়েছেন। সেসূত্রে এই নিয়ে তৃতীয়বার মেসির কোচ হচ্ছেন মার্টিনো। ২০১৩-১৪ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কোচ ছিলেন। পরে আর্জেন্টিনার কোচ হিসেবে দুবছর দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে আলবিসেলেস্তে অধিনায়ক তার শিষ্য ছিলেন।
টাটা মার্টিনো গতবছর কাতার বিশ্বকাপে ছিলেন মেক্সিকোর কোচ। তার আগে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের দায়িত্বে ছিলেন। বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে, এবার সেটি কাজে লাগাতে চান মিয়ামিতে।







