গোপালগঞ্জ

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি চলমান আছে এবং বিজিবির দুই সদস্যকে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বিজিবি জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গত রাতে মাইকিং করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে। পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পর গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এছাড়া টুঙ্গিপাড়ায় বিজিবির দুই সদস্যকে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এসব ঘটনার পর জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

বিষয়:গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বিজিবি ভাঙচুর ও অগ্নিসংযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…