প্রথম সেমিফাইনালে অনন্য এক কীর্তি গড়েছেন বিরাট কোহলি। ওয়ানডেতে প্রথম হিসেবে ৫০ শতকের মাইলফলকে পৌঁছেছেন। ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে গেছে স্বাগতিক দলটি। ব্যাট করাকালীন সময়ে পায়ের পেশিতে টান পড়ায় অস্বস্তিতে ভুগছিলেন কোহলি, তাকে নানাভাবে খেলোয়াড়ি সুলভ সাহায্য করছিলেন নিউজিল্যান্ডের ফিল্ডাররা, যে ভালো মানুষী পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার সাইমন ও’ডনেলের।
৬০ বর্ষী ও’ডনেল বিরক্তি প্রকাশ করে বলেছেন, ‘গতরাত থেকে একটি বিষয় নিয়ে বেশ অস্বস্তিতে ভুগছি। কোহলির যখন ক্রাম্প ছিল, তারা ৪০০ রানের দিকে এগিয়ে যাচ্ছিল এবং কিউইরা সেখানে গিয়ে কোহলিকে সাহায্য করছিল। যখন তার ক্রাম্প ছিল, তখন কেনো তোমাদের সেখানে যেতে হবে এবং সাহায্য করতে হবে?’
‘যখন তারা ৪০০ রানের দিকে আগাচ্ছিল, কোহলি তোমার দেশকে কাঁদাচ্ছে এবং তুমি সেখানে গিয়ে সাহায্য করছ!’
কোহলির হাতে ব্যাট তুলে দেয়া প্রসঙ্গে সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যখন তার ব্যাট পড়ে গিয়েছিল এবং কিউইদের একজন সেটা তুলে নিয়ে গেল। ক্রাম্প ও ব্যথার মধ্যে নিজের ব্যাট নিজে গিয়ে তোলো। আমাদের ছক্কা এবং চার মারা বন্ধ করো, সেটা স্পিরিটের বাইরের কিছু নয়।’
‘এটা প্রতিযোগিতামূলক ম্যাচ এবং কেনো তাকে সাহায্য করতে হবে যেখানে তোমাদের আসর থেকে বের করার চেষ্টা করছে? আমি এটা বুঝতে পারলাম না, এটার মানে বুঝলাম না। তারা সাহায্য করছিল এবং সে ৫০তম শতক করল। বিশ্বকাপের মতো আসরে সেমিফাইনালে কেনো প্রতিপক্ষকে সাহায্য করতে হবে? বলেন আমাকে।’
ম্যাচে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ভারত। রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শিরোপার লড়াই, প্রতিপক্ষ হবে আজ অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় সেমির জয়ী দলটি।







