বিনোদন

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নেতিবাচক প্রচার, ক্ষুব্ধ আলিয়া

রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে নেতিবাচক প্রচার, ক্ষুব্ধ আলিয়া

রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্য জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাদের সম্পর্ককে ‘অসম’ বা একপক্ষের জন্য অস্বস্তিকর হিসেবে তুলে ধরার চেষ্টাকে আপত্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।

আলিয়ার দাবি, এই সম্পর্কে তিনি নিজেকে গুরুত্ব পাওয়া এবং নিজের কথা শোনা হচ্ছে বলে অনুভব করেন।

টাইম সাময়িকীর টাইম১০০ নেক্সট ইন্ডিয়া তালিকা উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আলিয়া। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জনসমক্ষে নানা মন্তব্য ও সাক্ষাৎকারের সূত্র ধরে তাদের সম্পর্কের যে ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে, তা নিয়েই আপত্তি জানিয়েছেন অভিনেত্রী।

সম্পর্ক নিয়ে সমালোচনার প্রসঙ্গে আলিয়া বলেন, “আমি সব সময় নারীদের নিজের মন ও হৃদয়ের কথা বুঝতে এবং সে অনুযায়ী চলতে উৎসাহিত করি। অথচ আমাকে এমন একজন হিসেবে দেখানো হচ্ছে, যিনি কল্পিত একটি পরিস্থিতিতে কষ্ট সহ্য করে যাচ্ছেন। বিষয়টি আমার কাছে আপত্তিকর।”

রণবীরের সঙ্গে সম্পর্কের ভিত্তি ব্যাখ্যা করে তিনি বলেন, “যেকোনো সম্পর্কের ভিত্তি হলো, কোনো চেষ্টা ছাড়াই যখন নিজেকে বোঝা হচ্ছে বলে মনে হয়, কিছু না বললেও যখন নিজের কথা শোনা হচ্ছে বলে অনুভব হয়। রণবীর আমার কাছে তেমনই, এটাই আমাদের বাস্তবতা।”

২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছর তাদের কন্যা রাহার জন্ম হয়। তবে বিভিন্ন সময়ে এই দম্পতির কিছু মন্তব্য ও ব্যক্তিগত আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৩ সালের মে মাসে আলিয়া জানিয়েছিলেন, ঝগড়ার সময় তার গলার স্বর উঁচু হয়ে গেলে রণবীর তা পছন্দ করতেন না। এ কারণে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করতেন তিনি। বিষয়টি নিয়ে অনলাইনে কেউ কেউ প্রশ্ন তোলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে আলিয়াকেই কি বেশি মানিয়ে নিতে হচ্ছে?

একই বছরের আগস্টে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, তার স্বাভাবিক ঠোঁটের রং রণবীরের বেশি পছন্দ। তাই লিপস্টিক পরলে তা মুছে ফেলতে বলতেন তিনি। এ মন্তব্যের পর রণবীরের আচরণকে নিয়ন্ত্রণমূলক বলে সমালোচনা করেন অনেকে। পরে কফি উইথ করণ ৮ অনুষ্ঠানে স্বামীর পক্ষ নিয়ে আলিয়া বলেন, রণবীরের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

২০২৪ সালের জুলাইয়ে নিখিল কামাথের পডকাস্টে রণবীরের কিছু মন্তব্যও আলোচনায় আসে। বিয়ের পর আলিয়া নিজের উচ্চকণ্ঠে কথা বলার অভ্যাস বদলেছেন বলে জানিয়েছিলেন তিনি। এরপরও তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলতে থাকে।

এদিকে পর্দায় আবারও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় তাদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। ব্রহ্মাস্ত্রর পর এটি আলিয়া ও রণবীরের দ্বিতীয় যৌথ সিনেমা। ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ছবিটির।

বিষয়:'লাভ অ্যান্ড ওয়ার' আলিয়া বলিউড ভিকি কৌশ রণবীর কাপুর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…