রোহিঙ্গা গণহত্যা: রায় ঐতিহাসিক, বাস্তবায়ন নিয়ে সংশয়

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক সংকট বিশ্লেষণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তবে সংস্থাটির এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি এই রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে এর তাৎক্ষণিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আইসিজের রায়ের পর এক প্রতিক্রিয়ায় রিচার্ড হর্সি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক রায়। বিশ্ব আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। আর যে ব্যক্তি ওই অভিযানগুলোর নেতৃত্ব দিয়েছিলেন, তিনিই এখন মিয়ানমারের প্রেসিডেন্ট।’
তিনি বলেন, ‘রোহিঙ্গারা এমন একটি রায়ের জন্য দীর্ঘ নয় বছর অপেক্ষা করেছে। এই রায় তাদের জীবন দ্রুত বদলে দেবে না। তবে তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ এখন আন্তর্জাতিক আইনি নথিতে প্রতিষ্ঠিত হলো। নেপিদো যতই অস্বীকার করুক, এই সত্য আর মুছে ফেলা সম্ভব নয়।’
মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর এই রায়ের প্রভাব নিয়েও মন্তব্য করেন রিচার্ড হর্সি।

তিনি বলেন, যেসব সরকার মিন অং হ্লাইংকে লালগালিচা সংবর্ধনা দেবে, তারা এখন এমন একটি রাষ্ট্রের প্রধানকে স্বাগত জানাবে, যে রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক আদালত। অধিকাংশ দেশ হয়তো আগের মতোই সম্পর্ক বজায় রাখবে। তবে এই সম্পর্ককে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম হিসেবে উপস্থাপন করা এখন আরও কঠিন হবে।
রায়ের বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই, যার মাধ্যমে এই রায় কার্যকর করা সম্ভব। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা দেশগুলো আদালতের রায় উপেক্ষা করার জন্য দেশটির ওপর কোনো চাপ সৃষ্টি করতে প্রস্তুত কি না।
তবে এই রায়ের কারণে মিন অং হ্লাইংয়ের বিদেশ সফর বন্ধ হয়ে যাবে বলে মনে করেন না রিচার্ড হর্সি। তার মতে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে থাকার পরও যেসব সরকার তাকে স্বাগত জানিয়েছে, তারা আইসিজের এই রায়ের কারণে নিজেদের অবস্থান পরিবর্তন করবে বলে মনে হয় না।
জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের সম্পর্কেও এই রায়ের প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি। রিচার্ড হর্সি বলেন, নিউইয়র্কে জাতিসংঘে মিয়ানমারের আসন ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে নেপিদো। এমন সময়ে এই রায় জাতিসংঘের সঙ্গে দেশটির সম্পর্ককে আরও প্রতিরক্ষামূলক অবস্থানে নিয়ে যেতে পারে।
রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, রোহিঙ্গারা যেসব এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, সেসব এলাকার অধিকাংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইরত এই সশস্ত্র গোষ্ঠীটি জাতিগত রাখাইনদের সংগঠন।
তার মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো যেসব রোহিঙ্গা বসবাস করছে, তাদের ভবিষ্যতের জন্য নেপিদোর বক্তব্যের চেয়ে আরাকান আর্মি তাদের সঙ্গে কেমন আচরণ করছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্দশার কথাও তুলে ধরেন আন্তর্জাতিক সংকট বিশ্লেষক রিচার্ড হর্সি।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীশিবিরে বসবাস করছে। আন্তর্জাতিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় তাদের খাদ্য বরাদ্দও হ্রাস পেয়েছে। আশা করা যায়, এই রায় আন্তর্জাতিক দাতাদের রোহিঙ্গাদের দুর্দশার কথা নতুন করে স্মরণ করিয়ে দেবে এবং তারা সহায়তা বাড়াতে এগিয়ে আসবে।

আইসিজের এই রায়ের প্রভাব শুধু মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলেও মনে করেন রিচার্ড হর্সি।
তিনি বলেন, গণহত্যার উদ্দেশ্য বা অভিপ্রায় নির্ধারণের প্রশ্নটি আদালত যেভাবে বিবেচনা করেছে, তা ইসরায়েল ও রাশিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলোতেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।
রিচার্ড হর্সির বক্তব্য অনুযায়ী, রোহিঙ্গাদের জন্য এই রায় আন্তর্জাতিক আইনি স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এর বাস্তব সুফল নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপের ওপর। বিশেষ করে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






