সাংবাদিক ফরিদ উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে বিএইচআরএফের শোক

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্য ও দৈনিক মানবজমিন পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফরিদ উদ্দিন আহমেদের মমতাময়ী মা রোকেয়া বেগমের (৭০) ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এক শোকবার্তায় বিএইচআরএফের সভাপতি প্রতীক ইজাজ ও সাধারণ সম্পাদক মুজাহিদ শুভ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
বিএইচআরএফ নেতারা বলেন, মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে সহকর্মী ফরিদউদ্দিন আহমেদ ও তার পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ভোলার ভেদুরিয়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে রোকেয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে।






