জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, প্রতিবাদে একজোট বিশ্ব তারকারা

ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে একজোট হয়েছেন বিশ্বের দুই শতাধিক চলচ্চিত্র ব্যক্তিত্ব। তাদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা মার্ক রাফালো, টিলডা সুইনটন, নির্মাতা ব্যারি জেনকিন্স ও মাইকেল মুরসহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শীর্ষ কর্মকর্তারা।
তেহরানের আদালতের দেওয়া এই দণ্ডাদেশ বাতিলের দাবি জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন তারা।
জানা যায়, সম্প্রতি তেহরানের একটি বিপ্লবী আদালত জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তার সম্পত্তি বাজেয়াপ্ত, ব্যাংক হিসাব জব্দ এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই দণ্ডের প্রতিবাদে কান চলচ্চিত্র উৎসবের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে। উৎসব কর্তৃপক্ষ পানাহির বিরুদ্ধে চলমান বিচারিক হয়রানির নিন্দা জানিয়েছে। এই উৎসবেই গত বছর পানাহির নির্মিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করে। পরে সিনেমাটি অস্কারে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও সেরা চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পায়।
প্রতিবাদী খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে আরও রয়েছেন নির্মাতা ক্লেবের মেনদোঁসা ফিলহো, লরা পোইট্রাস, রিথি পান, লুক্রেসিয়া মার্তেল, আসিফ কাপাডিয়া, জ্যাক অদিয়ার ও অলিভিয়ের আসায়াস। ভেনিস চলচ্চিত্র উৎসবের আলবার্তো বারবেরা, বার্লিন চলচ্চিত্র উৎসবের ত্রিশিয়া টাটলসহ লোকার্নো, রটারড্যাম, নিউ ইয়র্ক, টেলুরাইড ও কার্লোভি ভ্যারির মতো প্রথম শ্রেণির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কর্মকর্তারাও এতে সমর্থন জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের মার্চে নিজের দেশের প্রতি ভালোবাসা এবং সেখানে থেকে কাজ করার ইচ্ছা থেকেই ঝুঁকি জেনেও ইরানে ফিরে যান ৬৬ বছর বয়সী পানাহি। গত অক্টোবরে তার ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর আইনজীবীর মাধ্যমে নতুন রায়ের বিষয়টি জানতে পারেন তিনি। নতুন অভিযোগগুলো এখনো স্পষ্ট নয়।
তবে চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্র নির্মাণ বন্ধ করতে তাকে ভয় দেখানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, পানাহির বিরুদ্ধে রায় নিয়ে আপিলের সুযোগ রয়েছে। তবে তার সব ব্যাংক হিসাব জব্দ থাকায় আইনি লড়াই চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা পানাহি ও নিজ দেশের সরকারের হাতে নিপীড়নের শিকার সব ইরানির পাশে থাকার অঙ্গীকার করেন। একই সঙ্গে তেহরানের বিপ্লবী আদালতের প্রতি পানাহিকে শাস্তি ও কারাদণ্ড দেওয়ার সব পদক্ষেপ প্রত্যাহার এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি মেনে চলার আহ্বান জানান তারা। আউটলুক ইন্ডিয়া






