আন্তর্জাতিক

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজে’র রায়

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজে’র রায়

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ২০১৭ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো হত্যাযজ্ঞ, ব্যাপক যৌন সহিংসতা ও নির্যাতনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যা হিসেবে ঘোষণা করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত (আইসিজে)।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এ ঐতিহাসিক রায় দেন।

আদালতের ১৫ বিচারকের প্যানেল রায়ে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী গণহত্যা চালিয়েছে। আদালতের মতে, রোহিঙ্গাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছাড়া মিয়ানমারের এসব কর্মকাণ্ডের অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।

প্রধান বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় পাঠের সময় বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। পাশাপাশি ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

রায়ে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা অভিযান পরিচালনার সময় নারী ও শিশুদের ওপর ব্যাপক নির্যাতন চালায়। পুরুষ ও কিশোরদের গণহারে হত্যা, রোহিঙ্গা নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়নের পাশাপাশি শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠে আসে আদালতের পর্যবেক্ষণে।

২০১৯ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় এলো। মামলাটি গাম্বিয়ার জন্য বড় ধরনের আইনি বিজয় হিসেবে দেখা হচ্ছে।

আদালতের এ সিদ্ধান্ত চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। পাশাপাশি মিয়ানমারের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ প্রমাণের ঘটনা খুবই বিরল। নাৎসি হলোকাস্টের পর রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যা, ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় হত্যাযজ্ঞ এবং কম্বোডিয়ায় খেমাররুজ বাহিনীর নৃশংসতার ঘটনায় গণহত্যার আইনি স্বীকৃতি পাওয়া যায়।

এদিকে, মিয়ানমারের বিরুদ্ধে আদালতের এ রায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। তবে ইসরায়েল ও মিয়ানমার উভয় দেশই তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালের সামরিক অভিযানে অন্তত সাত লাখ মানুষ মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

বিষয়:গণহত্যা ঘোষণা জাতিসংঘ আদালত মিয়ানমার রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…