বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত। ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠি সাম্প্রদায়িকতাকে আস্কারা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মনে রাখবেন বাংলাদেশ লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লীর দাসত্ব করতে নয়।
তিনি বলেন, চরম উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব-সম্মান আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে।
সংবাদ সম্মেলনের পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র নেতারাও মিছিলে অংশ নেন। মিছিলে শ্লোগানে শ্লোগানে এ ঘটনার নিন্দা জানানো হয়।







