রাজনীতি

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল দেশের মানুষ: রিজভী

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সেদিনের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পান। তার হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ তৈরি হয়।

শনিবার (৭ নভেম্বর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশে চরম অরাজকতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সিপাহিরা ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁদের সম্মিলিত অংশগ্রহণে সিপাহি-জনতার বিপ্লব সংঘটিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে দেওয়া হবে না, এমন অঙ্গীকার থেকেই সেদিনের বিপ্লব সংঘটিত হয়েছিল। এর মধ্য দিয়ে জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের সন্ধান পায়।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের ঘাতক হুসেইন মুহম্মদ এরশাদের সাড়ে নয় বছরের অপশাসনের অবসান ঘটে বিএনপির দুর্বার আন্দোলনের মাধ্যমে। তবে ২০০৯ সালে আবারও বাকশালের প্রেতাত্মা তৈরি হয়।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তবে কোথাও কোথাও গলির ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য অর্থ নিয়ে কিছু লোক বসে আছে। কিন্তু এতে কোনো লাভ হবে না। ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে সরকার ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা জনগণ বুঝতে পারছে। ফ্যাসিস্টদের আবারও ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ কখনোই তা ক্ষমা করবে না।

রিজভীর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে একটি গোষ্ঠীর পক্ষ নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করার নির্দেশনা আসছে। তবে দেশের মানুষ এ ধরনের প্রচেষ্টা সফল হতে দেবে না।

বিষয়:জিয়াউর রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শহীদ রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…