বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চেয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জলবায়ু পরিবর্তন প্রতিরোধে ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন চেয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শেষে দেশে ফেরার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমাদের অনুদান দরকার, ঋণ নয়। ঋণ দেশের ঋণের বোঝা আরও বাড়াবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আমাদের অনুদান প্রয়োজন।

এর আগে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১ এবং আনতালিয়া লিডার্স সামিটে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরেন। সকাল ৫টা ৪০ মিনিটে তাকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরাও ছিলেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রিজভীসহ দলের নেতারা।

প্রেস ব্রিফিংয়ে রিজভী জানান, গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল জাতিসংঘের উদ্যোগে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিজের (কপ-৩১) সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যায়। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও করণীয় বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। বিশ্ব উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেন তিনি। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়ন, ঋণের পরিবর্তে অনুদান, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপরও প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন বলে জানান রিজভী। এই বিষয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক উদ্যোগের কথা তুলে ধরে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন তারেক রহমান। ইতোমধ্যে কর্মসূচির আওতায় সাত থেকে আট মাসে প্রায় তিন থেকে চার কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্কুল ও কলেজ এ কার্যক্রমে অংশ নিয়েছে।

জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে রিজভী বলেন, বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে প্রাণহানির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। ইউরোপের বিভিন্ন দেশেও চলতি বছর তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা জরুরি। জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদারে সম্মেলনে প্রধানমন্ত্রীর উপস্থাপিত প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর সফরকে ফলপ্রসূ উল্লেখ করে রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বিষয়:কপ-৩১ জলবায়ু পরিবর্তন তারেক রহমান রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…