বিনোদন

আলিয়া গর্ভে থাকাকালে এক দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি!

আলিয়া গর্ভে থাকাকালে এক দিনে ১০০ সিগারেট খেয়েছিলেন সোনি!

বলিউড অভিনেত্রী সোনি রাজদানের জীবনের এক বিস্ময়কর অভিজ্ঞতার কথা সামনে এসেছে। মেয়ে আলিয়া ভাটকে গর্ভে ধারণ করার সময় স্বামী মহেশ ভাট পরিচালিত ‘গুমরাহ’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সে সময় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতেন না সোনি। এমনকি একটি দৃশ্যের প্রয়োজনে এক দিনেই প্রায় ১০০টি সিগারেট খেয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘স্ক্রিন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন ও মাতৃত্বকালীন অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে এ তথ্য জানান অভিনেত্রী।

১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘গুমরাহ’ সিনেমায় একটি দৃশ্যে সোনি রাজদানকে ধূমপান করতে হয়েছিল। দৃশ্যটির শুটিংয়ের সময় এক দিনে প্রায় ১০০টি সিগারেট খাওয়ার কথা জানান তিনি। সোনি বলেন, তিনি কখনোই নিয়মিত ধূমপায়ী ছিলেন না। তবে ওই ঘটনার পর কিছুদিন সিগারেটের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। তখন তার ধারণাই ছিল না যে মেয়ে আলিয়া ভাট তার গর্ভে রয়েছে।

সিনেমাটিতে একটি ফাঁসির দৃশ্যেও অভিনয় করেছিলেন সোনি। এরপর শুটিংয়ে প্রায় পাঁচ মাসের বিরতি ছিল। বিরতি শেষে কাজে ফিরে তিনি বুঝতে পারেন, তার পোশাক আর ঠিকমতো হচ্ছে না। তত দিনে শরীরে মাতৃত্বের লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছিল। ফলে পোশাকে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছিল।

এ সময়ের বাইরেও প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সোনি। ১৯৮৬ সালে রমেশ সিপ্পি ও জ্যোতি স্বরূপ পরিচালিত টেলিভিশন ধারাবাহিক ‘বুনিয়াদ’-এ অভিনয়ের সময় প্রথমবার অন্তঃসত্ত্বা হন তিনি। এটিই ছিল তার টেলিভিশনে অভিষেক।

তখন স্বামী মহেশ ভাটের সঙ্গে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা এলাকায় থাকতেন সোনি। এলাকাটি তখনো পুরোপুরি উন্নত হয়ে ওঠেনি। ভোরে শুটিংয়ে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়াও ছিল কঠিন। নিজেদের গাড়ি না থাকায় যাতায়াত নিয়ে সমস্যায় পড়তে হতো তাকে। এ পরিস্থিতিতে ধারাবাহিকটির নির্মাতা রমেশ সিপ্পি ও তার পরিবার সোনির জন্য গাড়ির ব্যবস্থা করে দিতেন।

সোনি জানান, সিপ্পি পরিবার তার প্রতি যথেষ্ট আন্তরিক ছিল। ভোর ৬টায় শুটিংয়ে যাওয়ার জন্য তাকে গাড়ি পাঠানো হতো। শুটিং সেটেও তার বিশেষ যত্ন নেওয়া হতো। তার জন্য ভালো কক্ষের ব্যবস্থা করা হয়েছিল এবং সব সময় প্রয়োজনীয় সহযোগিতা করা হতো।

সাক্ষাৎকারে চলচ্চিত্রশিল্পে কর্মজীবী মা ও অন্তঃসত্ত্বা অভিনেত্রীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়েও কথা বলেন সোনি। তার মতে, আগের তুলনায় এখন পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। একসময় অভিনেত্রীদের সন্তান থাকার বিষয়টি প্রকাশ করতেও সতর্ক থাকতে হতো। কারণ, সন্তান অসুস্থ হলে শুটিং ছেড়ে যেতে হতে পারে—এমন আশঙ্কায় প্রযোজকেরা উদ্বিগ্ন থাকতেন।

১৯৯৫ সালে মহেশ ভাটের টেলিভিশন ধারাবাহিক ‘আ মাউথফুল অব স্কাই’-এর শুটিংয়ের সময়ের একটি ঘটনাও স্মরণ করেন তিনি। মুম্বাইয়ের সাকি নাকায় শুটিং চলাকালে পেজিং কলের মাধ্যমে জানতে পারেন, তার দুই মেয়ে শাহিন ও আলিয়া বাড়ির বাইরে আটকে পড়েছে। তখন শাহিনের বয়স সাত বছর এবং আলিয়ার মাত্র তিন বছর। শুটিং সেটে থেকেই মেয়েদের নিরাপদে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।

বিয়ের পর অভিনয়ের কাজ পাওয়া নিয়েও সমস্যার মুখোমুখি হয়েছিলেন সোনি। তার ভাষ্য, অনেকে মনে করতেন মহেশ ভাটের স্ত্রী হওয়ার পর তার আর কাজ করার প্রয়োজন নেই। তবে ‘সিনেভিস্তাস লিমিটেড’ তাকে কাজের সুযোগ দিয়ে সহযোগিতা করেছিল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রেম কিশান মালহোত্রা ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল মেহতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোনি বলেন, তারা তাকে পরিবারের সদস্যের মতোই দেখতেন এবং নিয়মিত কাজের সুযোগ করে দিতেন।

অভিনয়, সংসার ও মাতৃত্ব- সবকিছু সামলে নিজের কর্মজীবন এগিয়ে নেওয়ার পথে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সোনি রাজদানকে। দীর্ঘ সময় পর সেই স্মৃতিগুলোই উঠে এসেছে তার সাম্প্রতিক সাক্ষাৎকারে। দ্য স্টেটসম্যান

বিষয়:অভিনয় আলিয়া ভাট বলিউড অভিনেত্রী মাতৃত্ব সংসার সিগারেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…