বিনোদন

ইমরানকে ভারত ছাড়া নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা

ইমরানকে ভারত ছাড়া নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা

ভারতীয় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ দিয়ে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) জারি করা নোটিশের কার্যকারিতা আগামী ২ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন মুম্বাই হাইকোর্ট। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালত এ আদেশ দেন।

যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল এফআরআরও। ওই নির্দেশের বিরুদ্ধে ইমরানের করা আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।

এর আগে শুনানি পর্যন্ত অভিনেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে আদালতকে আশ্বস্ত করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার পর ইমরানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ চলাকালে তাকে আটকও করা হয়েছিল।

তবে হাইকোর্টে করা আবেদনে ইমরান দাবি করেন, তিনি কোনো সমাবেশে অংশ নেননি এবং বিক্ষোভের আয়োজকদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, মুম্বাই পুলিশের জারি করা নোটিশটি ছিল ‘অবৈধ, স্বেচ্ছাচারী ও অযৌক্তিক’। জনপরিচিত ব্যক্তি হওয়ায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করেন তিনি।

ইমরান খান নোটিশটি বাতিলের পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর কার্যকারিতা স্থগিত রাখার আবেদন করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশনাও চান।

এদিকে, গত ১৭ অক্টোবর হাইকোর্টে আবেদন করার সময় ইমরানকে আরেকটি কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল এফআরআরও। এতে তার ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) মর্যাদা কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

এফআরআরও জানিয়েছে, ইমরানের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ৭(২)(সি) ও ২৯ ধারার বিধান প্রয়োগ করে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এসব ধারায় বিদেশি নাগরিকদের ভারতে অবস্থান নিয়ন্ত্রণ এবং আইন লঙ্ঘন বা নিরাপত্তাসংক্রান্ত কারণে তাদের দেশ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষের।

আমির খানের ভাতিজা ইমরান খান একাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে ভারত না ছাড়লে তার বিরুদ্ধে বহিষ্কারের প্রক্রিয়া শুরু হতে পারত। তবে হাইকোর্টের সর্বশেষ আদেশের ফলে আগামী ২ নভেম্বর পর্যন্ত দেশ ছাড়ার ওই নির্দেশ কার্যকর হচ্ছে না। দ্য নিউ ইন্ডিয়ানএক্সপ্রেস

বিষয়:ইমরান খান জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…