অন্যান্য খেলা

পর্দা উঠল বেগম খালেদা জিয়া-আইএইচএফ নেশনস ট্রফির

বড় জয় বাংলাদেশের

পর্দা উঠল বেগম খালেদা জিয়া-আইএইচএফ নেশনস ট্রফির

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আবহে রাজধানীতে পর্দা উঠল চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’র। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে আসরটি।

রোববার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

উদ্বোধনী দিনেই মাঠে গড়ায় দুটি ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় দুপুর ২টায় মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। সেই ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দিনের দ্বিতীয় ম্যাচে লড়ে মালদ্বীপ ও ভারত।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আসর আয়োজন বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের। স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ ও নেপালের নারী সিনিয়র দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার এ প্রয়াস আঞ্চলিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকেই প্রতিফলিত করে।’

খেলোয়াড়দের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, ‘অংশগ্রহণকারী নারী খেলোয়াড়রা শক্তি, অধ্যবসায় এবং ক্রীড়াপ্রেমের প্রতীক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের তরুণ সমাজকে ক্ষমতায়িত করতে এবং সর্বস্তরে খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বাড়াতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নারী হ্যান্ডবলে চমৎকার অগ্রগতি হচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক আসর ভবিষ্যৎ প্রজন্মের অ্যাথলেটদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।’

সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ প্রতিদ্বন্দ্বিতা করছে। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলবে লিগপর্বের ম্যাচগুলো। এরপর ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ২২ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক আসরের।

বিষয়:আইএইচএফ নেশনস ট্রফি আমিনুল খালেদা জিয়া হ্যান্ডবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…