বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেখ রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশের উন্নতি হবেই। নির্বাচনে ‘যাকে খুশি তাকে ভোট দাও’ কিন্তু ভোট হতে হবে, এই ম্যাসেজটা সবার কাছে পৌঁছে দিতে হবে। এবার নির্বাচনে ডামি আর রাতের ভোট হবে না।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নেন তিনি।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।
তিনি বলেন, কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবার শুরু করা হবে। কৃষিখাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে উদ্যোগ নেয়া হবে।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র থেমে নেই, সেটা প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে সতর্ক করতে হবে।










