বার্বাডোজে গত শনিবার পর্দা নেমেছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। সাউথ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ভারত। চ্যাম্পিয়নদের নেপথ্যে বড় অবদান রেখেছিলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে দুর্দান্ত করা হার্দিক সুসংবাদ পেলেন আইসিসি থেকেও। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হালনাগাদ র্যাঙ্কিংয়ে প্রথম ভারতীয় হিসেবে অলরাউন্ডারদের শীর্ষে উঠে এসেছেন পান্ডিয়া।
বুধবার র্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। শীর্ষে শ্রীলঙ্কার ভানিডু হাসারাঙ্গার সাথে ভাগ বসিয়েছেন হার্দিক। ২২২ পয়েন্ট ঝুলিতে দুজনের।
বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার এইটে ব্যর্থতায় গত হালনাগাদে ২০৬ রেটিং নিয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান নেমে যান ছয়ে। সেমিতে আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবি ব্যর্থ হওয়ায় হারিয়েছেন ৯ পয়েন্ট। চার ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন। তাতে একধাপ উন্নতি হয়েছে সাকিবের। পূর্বের পয়েন্ট নিয়ে এসেছেন ছয়ে।
গত হালনাগাদে একসপ্তাহের ব্যবধানে শীর্ষ স্থান হারান অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। ২১১ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে তিনে এসেছেন তিনি। ২১০ পয়েন্ট নিয়ে চারে উঠেছেন সিকান্দার রাজা।
ব্যাটিং-বোলিং র্যাঙ্কিংয়ে আগের স্থানেই আছেন টাইগার অলরাউন্ডার সাকিব। ৪০১ পয়েন্ট নিয়ে ব্যাটিংয়ে বহাল ৮৪ নম্বরে। ৫১৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলিংয়ে আছেন ৪০ নম্বরে।







