তথ্যপ্রযুক্তি

যুক্তরাষ্ট্রে ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম

যুক্তরাষ্ট্রে ভিসা স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিজেদের পরামর্শক বিভাগের অধিকাংশ পদে কর্মীদের জন্য এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বিদেশি প্রযুক্তিকর্মী নিয়োগের ক্ষেত্রে কঠোর নজরদারির মধ্যে এ সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এর তথ্যসূত্রে, আইবিএম এ সিদ্ধান্তের কথা জানায়। প্রতিষ্ঠানটির আইবিএম কনসাল্টিং বিভাগে দেড় লাখের বেশি কর্মী রয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সকে আইবিএমের এক মুখপাত্র জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ কর্মীদের জন্য নির্ধারিত ভিসা কর্মসূচি ব্যবহার করে আসছিল আইবিএম কনসাল্টিং। তবে কয়েক বছর ধরেই এ কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল।

তিনি আরও জানান, দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তন আসায় অধিকাংশ পরামর্শক পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইবিএমের এ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কর্মীরা যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির অন্য কার্যালয়ে কাজ করার সুযোগ পাবেন। অন্যথায় চলতি বছরের শেষ নাগাদ তাদের চাকরি ছাড়তে হতে পারে। সংবাদমাধ্যমটি আইবিএমের একটি অভ্যন্তরীণ নথির বরাতে এ তথ্য জানিয়েছে।

বিদেশি কর্মী নিয়োগে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেই আইবিএমের এ সিদ্ধান্ত এল। গত মাসে মাইক্রোসফট, অ্যাডোবি এবং কগনিজ্যান্ট, ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসেসসহ কয়েকটি বড় আউটসোর্সিং প্রতিষ্ঠানকে পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন (পিইআরএম) প্রক্রিয়া থেকে সাময়িকভাবে স্থগিত করে মার্কিন প্রশাসন। বিদেশি কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এর আগে গত বছর হোয়াইট হাউস নতুন এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে এককালীন ১ লাখ ডলার ফি আরোপের ঘোষণা দিয়েছিল।

বিষয়:আইবিএম গ্রিন কার্ড স্পনসরশিপ ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এইচ-১বি ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…