বিশেষ

আনতালিয়া: আড়াই হাজার বছরের ইতিহাসের শহরে যে কারণে জলবায়ু সম্মেলন

আনতালিয়া: আড়াই হাজার বছরের ইতিহাসের শহরে যে কারণে জলবায়ু সম্মেলন

ভূমধ্যসাগরের নীল জলরাশি, পাহাড়ের সবুজ, প্রাচীন সভ্যতার নিদর্শন আর আধুনিক পর্যটন অবকাঠামোর অপূর্ব সমন্বয় তুরস্কের আনতালিয়া। প্রায় আড়াই হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই শহর এখন বিশ্ব জলবায়ু কূটনীতির কেন্দ্রবিন্দু। ৯ থেকে ২০ নভেম্বর এখানে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ-৩১। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, বিজ্ঞানী, পরিবেশবিদ ও জলবায়ু আলোচকেরা সমবেত হয়েছেন ঐতিহাসিক এই নগরীতে।

কেন আনতালিয়া?

কপ-৩১ আয়োজনের অধিকার নিয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘ প্রতিযোগিতা চলে। ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে সমঝোতা হয়- আয়োজক দেশ হবে তুরস্ক, তবে মূল জলবায়ু আলোচনা পরিচালনা করবে অস্ট্রেলিয়া। সেই সমঝোতার ভিত্তিতেই আনতালিয়ায় বসেছে এবারের সম্মেলন।

আনতালিয়াকে বেছে নেওয়ার পেছনে রয়েছে শহরটির আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা, বিপুল পর্যটন অবকাঠামো, হোটেল ও সম্মেলন আয়োজনের সক্ষমতা। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত তুরস্কের এই শহর বড় আন্তর্জাতিক আয়োজনের উপযোগী। সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আনতালিয়া এক্সপো সেন্টারে।

আনতালিয়ার ইতিহাস

আনতালিয়ার ইতিহাস শুরু খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতকে। আনুমানিক ১৫০ খ্রিষ্টপূর্বাব্দে পারগামন রাজ্যের শাসক দ্বিতীয় আত্তালোস শহরটি প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসারে এর নাম রাখা হয় ‘আত্তালেইয়া’। কালক্রমে সেই নামই পরিবর্তিত হয়ে আনতালিয়া হয়েছে।

রোমান সাম্রাজ্যের অধীনে শহরটি গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যকেন্দ্র হিসেবে বিকশিত হয়। ১৩০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট হ্যাড্রিয়ানের সফরের স্মৃতি বহন করছে বিখ্যাত হ্যাড্রিয়ান গেট।

পরবর্তী সময়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনাধীন থাকে আনতালিয়া। ১২০৭ সালে সেলজুক তুর্কিরা শহরটি অধিকার করে। পরে অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। আজও পুরোনো শহর কালেইচির সরু রাস্তা, প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক বন্দর সেই বহুযুগের ইতিহাস মনে করিয়ে দেয়।

পর্যটননগরী থেকে জলবায়ু কূটনীতির কেন্দ্র

তুরস্কের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র আনতালিয়া। ভূমধ্যসাগরের সৈকত, টরাস পর্বতমালা এবং প্রাচীন গ্রিক-রোমান সভ্যতার নিদর্শন প্রতিবছর বিপুল পর্যটককে আকর্ষণ করে।

তবে এবারের আয়োজনের গুরুত্ব পর্যটনের সীমানা ছাড়িয়ে গেছে। জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ হ্রাস, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন সহায়তা কপ-৩১-এর গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।

বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের জন্য এসব আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা এখন বড় প্রয়োজন।

যে আনতালিয়া একসময় ভূমধ্যসাগরীয় বাণিজ্য ও সভ্যতার মিলনস্থল ছিল, সেই শহরেই আজ পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ইতিহাসের শহর আনতালিয়া এবার সাক্ষী হচ্ছে এমন এক বৈশ্বিক প্রচেষ্টার, যার সাফল্যের ওপর নির্ভর করছে আগামী প্রজন্মের নিরাপদ পৃথিবীর স্বপ্ন।

বিষয়:আনাতোলিয়া কপ কপ-৩১ তুরস্ক সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…