গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসে ঘটে সবচেয়ে ভয়াবহ ও নৃশংস জঙ্গি হামলা। সেদিনের সেই বিভীষিকা আর আতংকে আতকে উঠেছিলো বাঙালি। সেই বেকারিতে হামলার ঘটনা নিয়ে নির্মিত বলিউড সিনেমা ‘ফারাজ’ এবার মুক্তি পেতে যাচ্ছে!
ভারতীয় মিডিয়া বলছে, ‘ফারাজ’ মুক্তি পেতে যাচ্ছে আগামি ৩ ফেব্রুযারি। প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ‘আলীগড়’ খ্যাত পরিচালক হংসল মেহতা।
হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা নিয়ে নির্মিত বলিউডের এই ছবি মুক্তির খবরটি শেয়ার করে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কারণ, একই ঘটনা নিয়ে বহু আগেই তিনি নির্মাণ করেছেন ‘শনিবার বিকেল’ নামের একটি সিনেমা। যে ছবিটি প্রায় চার বছর ধরে সেন্সর বোর্ডে আটকে আছে!
ক্ষোভ প্রকাশ করে কিছু প্রশ্ন রাখেন ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘প্রিয় বাংলাদেশ। প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ৩ ফেব্রুয়ারি। আর এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ওই ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা।’
‘ডুব’ খ্যাত এই নির্মাতা আরও বলেন, ‘আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনর্নির্মাণ করে নাই, এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনর্নির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’








