অর্থনীতি

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ, মালিকদের ঘোষণা

শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ, মালিকদের ঘোষণা

সংগৃহীত

আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন অনুযায়ী রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে রপ্তানিমুখী পোশাকশিল্পের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

বিজিএমইএর সভাপতি বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলো চাইলে ১৩(১) ধারায় বন্ধ রাখতে পারবে।

মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার মজুরি বোর্ডে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে বিশৃঙ্খলা চলতে থাকলে বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, এ ক্রান্তিকালে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পুরো খাত হুমকির মুখে পড়ে। মালিক-শ্রমিক সবাইকে মিলেই এ খাত টিকিয়ে রাখতে হবে।

এদিকে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোটের যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে-এমন কোনো কাজে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও তাঁদের বিরত থাকতে হবে। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মালিকদের উদ্দেশে শ্রমিকনেতারা বলেন, বর্তমানে দু–একটি জায়গায় আন্দোলন চলছে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।

পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

বিষয়:তৈরি পোশাকশিল্প পোশাকশিল্প বিকেএমইএ বিজিএমইএ রপ্তানিমুখী পোশাকশিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…