হিন্দি ছোট পর্দার জগতে আবারও শোকের ছায়া। ভারতীয় হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে মারা গেছেন। রবিবার (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ের মিরা রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর।
টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সুশান্ত সিংহ রাজপুত অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-তে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন প্রিয়া। গত কয়েক দিনে শারীরিক পরিস্থিতি অবনতি হয়েছিল তার।
হিন্দি ও মারাঠি ধারাবাহিকের অতি পরিচিত মুখ ছিলেন প্রিয়া। ‘পবিত্র রিশতা’ ছাড়াও ‘তু তিথে মে’, ‘সাথ নিভানা সাথিয়া’, ‘উত্তরণ’, ‘ভাগে রে মন’-এর মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।
প্রিয়াকে শেষ দেখা গিয়েছিল একটি মারাঠি ধারাবাহিকে। সেই ধারাবাহিকটি ২০২৪ সালের জুন মাসে শেষ হয়। প্রিয়ার মৃত্যুর খবরে শোকস্তব্ধ তার অনুরাগীরা।
গত বছর ১১ আগস্ট মাসে তিনি শেষ পোস্ট করেছিলেন সমাজমাধ্যমে। স্বামীর সঙ্গে জয়পুর বেড়াতে যাওয়ার ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। তারপর থেকে তার সমাজমাধ্যমে আর কোন পোস্ট বা ছবি নেই। ২০১২ সালে শান্তনু মোঘেকে বিয়ে করেছিলেন প্রিয়া।
প্রিয়া শুধু একজন অভিনেত্রী নন, একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ানও ছিলেন। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রাখা প্রিয়া ‘কমেডি সার্কাস’-এর প্রথম সিজনেও অংশ নিয়েছিলেন। যদিও টিভি ধারাবাহিকের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন। বিশেষ করে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক তাকে বেশি খ্যাতি এনে দেয়। দুটো সিনেমায়ও অভিনয় করেছেন প্রিয়া।







