হামজাকে ছাড়াই আমরা ভুটানকে হারাতে পারব: ডুলি
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হতে কয়েকদিন বাকি। এখনও পুরো দলকে পাননি বাংলাদেশ কোচ থমাস ডুলি। বুধবার তৃতীয় দিনের অনুশীলন করেছে দল। সেখানে নতুন করে যুক্ত করা হয়েছে আরও দুজনকে। তবে দলের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরীকে প্রথম ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। এ নিয়ে অবশ্য চিন্তিত নন বাংলাদেশ কোচ।
বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমে কথা বলেন ডুলি। বাংলাদেশের আসিয়ান কাপের পারফরম্যান্স, দলের সার্বিক অবস্থা, ভুটান ম্যাচ ও সাফ শিরোপা জয় নিয়ে কথা বলেন জার্মান কোচ।
হামজাকে ছাড়াই দলের উপর আস্থা রাখছেন ডুলি। বললেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, হামজা ছাড়া কি আমরা ভুটানকে হারাতে পারব? আমার উত্তর হল, অবশ্যই পারব। পরবর্তী রাউন্ডে যেতে হলে আমাদের ভুটানকে হারাতে হবে। আমি খেলোয়াড়দের উপর আস্থা রাখি।’
‘তবে খেলোয়াড়রা মানুষ, রোবট নয়। তাদের মধ্যে কোন প্রোগ্রাম ঢুকিয়ে দিলেই তারা নিখুঁতভাবে খেলবে, এমন নয়। তাদেরও মানসিক চাপ থাকে। চাপের মধ্যে তারা ভুল করতে পারে, বল নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে কিংবা প্রতিপক্ষকে সুযোগ দিয়ে বসতে পারে। চাপ কিংবা অন্যকোন সমস্যার কারণে তারা ভুল করলে যেকোনো দলের বিপক্ষেই খেলা কঠিন হয়ে উঠতে পারে। এ কারণেই খেলোয়াড়দের উপর আস্থা রাখছি।’
খেলোয়াড়দের দায়িত্ব সম্পর্কে ডুলি জানান, ‘মনে করেন, আমার সতীর্থকে বল পাস করলাম। কিন্তু সে বলটি ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারল না, প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করল। সেক্ষেত্রে কি সব দায় আমার? অবশ্যই নয়। খেলোয়াড়দেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে এবং প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে হবে।’
‘আমরা প্রতিটি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তানও ভালো দল। ফিলিপিন্স ও ভিয়েতনামের বিপক্ষে তাদের ভালো ফল রয়েছে। তাই ভুটানকে সহজ প্রতিপক্ষ ভেবে মাঠে নামার কোন সুযোগ নেই। আমাদের প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই ভালো খেলতে হবে এবং জয়ের জন্য লড়তে হবে। চারটি ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য। এটাই আমাদের মূল পরিকল্পনা। ‘
‘খেলোয়াড় ও কোচিং স্টাফকে বলেছি, আমরা ইতিবাচক বিষয় নিয়ে কথা বলতে চাই। শুধু নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। মাঠের আলো কতটা সুন্দর, সবকিছু কতটা প্রস্তুত সেটি যেমন ভালো দিক, তেমনি আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত কীভাবে আমরা ম্যাচগুলো জিততে পারি।’
আগামী ৫ নভেম্বর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। পরের ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।





