নিখোঁজ হওয়ার আগে ‘তাহসিফের সঙ্গে যা যা ঘটেছিল’
দ্বীপের বক্তব্য

ছবি: সংগৃহীত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাওরি নিখোঁজ হওয়ার রাতে তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তার জুনিয়র বন্ধু শাহরিয়ার দ্বীপ। তিনি জানান, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে তাহসিফের সঙ্গে তার দেখা হয়। এরপর তারা একসঙ্গে মোটরসাইকেলের কাজ করান এবং একটি রেস্তোরাঁয় রাতের খাবার খান। পরে দুজন আলাদা হয়ে যান।
শাহরিয়ার দ্বীপ জানান, তাহসিফের মোটরসাইকেলটি স্টার্ট নিচ্ছিল না। তাদের মোটরসাইকেলের মডেল একই হওয়ায় তিনি সেটি চালু করতে সহায়তা করেন। এরপর দুজন উত্তরার একটি ওয়ার্কশপে যান। সেখানে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল পরিবর্তনসহ প্রয়োজনীয় কিছু কাজ করানো হয়। কাজ শেষে তারা একটি অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় ফিরে যান। পরে রাজি কমপ্লেক্সের একটি রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খান।
দ্বীপ জানান, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে তিনি নিজের বাসার উদ্দেশে চলে যান। অন্যদিকে তাহসিফও সেখান থেকে চলে যান। এরপর তাহসিফ কোথায় গিয়েছিলেন বা কী কাজে বের হয়েছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তাহসিফের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে দ্বীপ বলেন, বয়সে বড় হলেও তাহসিফ তার খুব কাছের বড় ভাই ছিলেন। তাদের পরিবারের মধ্যেও ঘনিষ্ঠতা ছিল।
এর আগে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানিয়েছিলেন, জুনিয়র বন্ধু দ্বীপের ফোন পেয়ে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। যাওয়ার আগে মাকে বলেছিলেন, একটু কথা বলে ফিরে আসবেন। রাত ১টা ৩৫ মিনিটে মাকে শেষবারের মতো বার্তা পাঠিয়ে লিখেছিলেন, ‘আম্মু, আমি আসছি।’
পরদিন সন্ধ্যার আগে পরিবার জানতে পারে, রাজধানীর উত্তরার রাজাবাড়ী ঘাটে নদী থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে তদন্তের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






