বয়স ৭০ ছুঁইছুঁই, এই বয়সে এসে মেগাস্টার চিরঞ্জীবী হাতে পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর সার্টিফিকেট! ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা/নৃত্যশিল্পী বিভাগে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি।
রবিবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এ রেকর্ডের সার্টিফিকেট চিরঞ্জীবীর হাতে তুলে দেয়া হয়। এসময় জানানো হয়েছে, দীর্ঘ ৪৫ বছরের ক্যারিয়ারে ১৫৬টি সিনেমার ৫৩৭টি গানের ২৪ হাজার নাচে পারফর্ম করেছেন চিরঞ্জীবী!
১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর সিনেমায় অভিষেক ঘটে চিরঞ্জীবীর। এ কারণে সার্টিফিকেট প্রদানের জন্য ২২ সেপ্টেম্বর বেছে নেন গিনেস কর্তৃপক্ষ। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
গিনেস রেকর্ডের সার্টিফিকেট গ্রহণ করে চিরঞ্জীবী বলেন, ‘এই মুহূর্তটি ভোলার নয়। আমি কখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে স্বীকৃতি চাইনি। কিন্তু আমার নাচের জন্য তারা সম্মানিত করেছে, এটা অবিশ্বাস্য! নাচ আমাকে সত্যিকার অর্থে তারকা বানিয়েছে এবং আমার ক্যারিয়ারে অনেক পুরস্কার এনে দিয়েছে।’







