কবীর খানের ‘লড়াকু’ প্রযোজনায় কার্তিক

‘চান্দু চ্যাম্পিয়ন’-এর পর আবারও একসঙ্গে কাজ করছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও পরিচালক কবীর খান। তাদের নতুন ছবির নাম ‘লড়াকু’। বুধবার ছবিটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করেছে বিরলা স্টুডিওস।
‘লড়াকু’ প্রযোজনা করছে বিরলা স্টুডিওস ও কবীর খান এন্টারটেইনমেন্ট। পাশাপাশি কার্তিক আরিয়ানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ডোপামিন স্টুডিওসের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। এর মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে অভিনেতার।
আগামী বছরের ১৮ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। নির্মাতার ভাষ্য, বাস্তব জীবনের অসাধারণ ঘটনা অবলম্বনে নির্মিত ‘লড়াকু’ উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও আশার গল্প তুলে ধরবে। ছবিটিকে আবেগঘন ও পারিবারিক বিনোদনধর্মী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন তারা।
এর আগে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কার্তিক আরিয়ান ও কবীর খান। ভারতের প্রথম প্যারালিম্পিক পদকজয়ী মুরলীকান্ত পেটকরের জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি। বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল চলচ্চিত্রটি। ছবিতে কার্তিকের অভিনয়কে তার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে উল্লেখ করেছিলেন অনেকে।
‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য সেরা অভিনেতা বিভাগে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন কার্তিক আরিয়ান। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মালয়ালাম অভিনেতা মাম্মুটির সঙ্গে যৌথভাবে এই সম্মাননা পান তিনি।
এদিকে কার্তিক আরিয়ানের হাতে রয়েছে আরও একটি নতুন ছবি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। শিমিত আমিন পরিচালিত ছবিটিতে অভিনয় করবেন তিনি। ‘চক দে! ইন্ডিয়া’ ও ‘আব তাক ছাপ্পান’-এর মতো চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এই পরিচালক। ২০২৭ সালেই মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির।
তবে ‘লড়াকু’র গল্প, সহশিল্পী ও অন্যান্য কলাকুশলী সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। হিন্দুস্তান টাইমস





