শিক্ষা

জাতীয় ঐক্য ও দেশপ্রেমই ৭ নভেম্বরের শিক্ষা: যবিপ্রবি উপাচার্য

জাতীয় ঐক্য ও দেশপ্রেমই ৭ নভেম্বরের শিক্ষা: যবিপ্রবি উপাচার্য

জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধাবোধই ৭ নভেম্বরের মূল শিক্ষা বলে মন্তব্য করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্য জাতীয় রাজনীতি ও মুক্তির নতুন দিগন্ত উন্মোচন করেছিল। ইতিহাসের সঠিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক, সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

জাতীয় উন্নয়নে শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তনের ওপর জাতীয় অগ্রগতি নির্ভর করে না। এ জন্য জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিকত্বের বিকাশ ঘটাতে হবে। জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে যবিপ্রবি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে তাকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল। নতুন প্রজন্মের কাছে এ দিনের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের সামনে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর স্বতন্ত্র পরিচয় ও দর্শন তুলে ধরেছিলেন। জাতীয় সংকট মোকাবিলা এবং সার্বভৌমত্ব রক্ষায় দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর আগে সূর্যোদয়ের সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৯টায় ডা. এম আর খান মেডিকেল সেন্টারে দিনব্যাপী বিনা মূল্যে ফিজিওথেরাপি ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার শিক্ষা দর্শন: প্রেক্ষিত ৭ নভেম্বর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি, জিয়াউর রহমানের রাজনৈতিক ও শিক্ষাদর্শন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর ভাবনা তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালেক খান ও আলেয়া জোয়ার্দ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন।

কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও অন্যান্য শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয়:অধ্যাপক ড. ইয়ারুল কবীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জিয়াউর রহমান যবিপ্রবি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…