বিশ্বব্যাপী দুই দিনে আয় ২২১ কোটি, কেমন হলো ‘রামায়ণ’?

মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ২২১ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। বক্স অফিসে শুরু থেকেই দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা।
মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৭.৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে ভারতের বক্স অফিসে ২৩ হাজার ৩১৬টি প্রদর্শনী থেকে ৪৮.০৫ কোটি রুপি নেট আয় করেছে ‘রামায়ণ’। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১২.৯০ কোটি রুপিতে। অন্যদিকে, বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২২১.০৫ কোটি রুপিতে।
স্যাকনিল্ক-এর পরিসংখ্যান অনুযায়ী, এই হিসাব পাওয়া গেছে।
দ্বিতীয় দিনের আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে হিন্দি সংস্করণ। শুক্রবার প্রায় ২০ হাজার প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণটি আয় করেছে ৩৫.৫০ কোটি রুপি। এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৫.১৫ কোটি, তেলেগু থেকে ৪.৭৫ কোটি, তামিল থেকে ১.৫০ কোটি এবং মালায়লাম সংস্করণ থেকে ১.১৫ কোটি রুপি আয় হয়েছে।
দ্বিতীয় দিনে হিন্দি সংস্করণের থ্রিডি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ২৮.৪৬ শতাংশ। অন্যদিকে, টুডি প্রদর্শনীতে এই হার ছিল ২৩.৩৭ শতাংশ।
টিকিট বিক্রিতেও এগিয়ে রয়েছে সিনেমাটি। প্রথম দুই দিনে ‘রামায়ণ’-এর প্রায় ৪৩ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিনেই বিক্রি হয়েছে প্রায় ১৮ লাখ টিকিট। দীপাবলির ছুটির কারণে আগামী কয়েক দিনে টিকিট বিক্রি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দ্বিতীয় দিনে বিদেশের বাজার থেকে আয় হয়েছে ৩৫ কোটি রুপি। এতে দুই দিনে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৮৬.২৫ কোটি রুপিতে।
এদিকে সিনেমাটি দেখে প্রশংসা করেছেন পরিচালক শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি ‘রামায়ণ’-কে অসাধারণ দৃশ্যনির্ভর সিনেমা হিসেবে উল্লেখ করেন। ভারতীয় সিনেমায় এমন দৃশ্য আগে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।
সিনেমাটির ভিএফএক্স, নির্মাণশৈলী, সংগীত ও শব্দ পরিকল্পনার প্রশংসা করেন শঙ্কর। বিশেষ করে যশের অভিনয় তার নজর কেড়েছে বলে জানান। প্রতিটি দৃশ্যে যশকে দেখতে ভালো লেগেছে উল্লেখ করে তাকে একজন আকর্ষণীয় খলনায়ক হিসেবে অভিহিত করেন এই পরিচালক। পাশাপাশি রণবীর কাপুর ও সাই পল্লবীকেও শুভকামনা জানান তিনি।
নামিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমার মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে। প্রথম পর্বের গল্প শেষ হয়েছে সীতাহরণ ও জটায়ুর মৃত্যুর পর। সীতাকে খুঁজে বের করে যেকোনো মূল্যে তার সঙ্গে পুনর্মিলনের প্রতিজ্ঞা করেন রাম। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের মহাকাব্যিক যুদ্ধের পটভূমি তৈরি করা হয়েছে।
দীপাবলির উৎসবের ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়বে কি না, এখন সেটিই দেখার বিষয়। প্রথম দুই দিনের ব্যবসায়িক সাফল্যে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘রামায়ণ: পার্ট ১’। ইন্ডিয়ান এক্সপ্রেস






