সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ হারের পর ষষ্ঠ ম্যাচেও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তিন গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার দলকে। এমন ম্যাচের পর রাগে-ক্ষোভে নিজের মাথা ও মুখে আঘাত করেছিলেন গার্দিওলা। অবশ্য নখ দিয়ে নিজেকে করা ওই আঘাতকে অনাকাঙ্ক্ষিতই বলছেন সিটিজেন কোচ।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ ইতিহাদে ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যানসিটি। ৪৪ ও ৫৩ মিনিটে আর্লিং হালান্ড জালে বল পাঠানোর মাঝে ইলকাই গুন্ডোয়ান একটি গোল করলেন। এরপর খেই হারিয়ে ১৪ মিনিটে তিন গোল হজম করে পয়েন্ট হারায় দলটি।
সংবাদ সম্মেলনে গার্দিওলার মাথায় ও নাকে আঘাতের চিহ্ন দেখা যায়। সেখানে রসিকতা করে বলেছিলেন, নিজেকে ‘আঘাত’ করতে চান। যদিও জানিয়েছিলে ধারাল নখের কারণে এমনটা হয়েছে। ঘটনায় গার্দিওলার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়েছিলেন অনেকে। সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা গেছে। অনেকেই সিটি বসকে মানসিক ডাক্তার দেখানোর উপদেশ দিয়েছিলেন। এমন প্রতিক্রিয়ার পর স্পেনিয়ার্ড কোর্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন।
লিখেছেন, ‘সংবাদ সম্মেলনে আমার মুখে স্ক্র্যাচ দেখা যায়। বিষয়টি নিয়ে সতর্ক ছিলাম। একটি প্রশ্নের জবাবে বলেছিলাম, এটি আঙুলের একটি ধারাল নখ দিয়ে অনিচ্ছাকৃতভাবেই হয়েছে। আমার উত্তর কোনভাবে নিজের ক্ষতি করার বিষয়টি সামনে আনার উদ্দেশ্যে ছিল না। জানি, প্রতিদিনই অনেক মানুষ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সাথে লড়াই করে।’







