ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম তিন ম্যাচে আর্লিং হালান্ড করেছেন দুই হ্যাটট্রিক। প্রথম ম্যাচে এক গোল করা নরওয়েজিয়ান তারকা পরে করেছেন টানা দুই হ্যাটট্রিক। অপ্রতিরোধ্য হালান্ডে উচ্ছ্বসিত ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। শিষ্যের প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলছেন স্পেনিয়ার্ড কোচ।
প্রিমিয়ার লিগে শনিবার রাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ১০, ৩০ ও ৮৩ মিনিটে গোল তিনটি করেন ২৪ বর্ষী হালান্ড। প্রতিপক্ষের একমাত্র গোলটি আসে সিটি ডিফেন্ডার রুবেন ডিয়াজের ভুলে। সেভ করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দেন ২৭ বর্ষী পর্তুগিজ তারকা।
ওয়েস্টহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক প্রিমিয়ার লিগে হালান্ডের অষ্টম। টুর্নামেন্টে সর্বোচ্চ হ্যাটট্রিক করায় তালিকায় একাধিক জনের সাথে চারে আছেন। হালান্ডের সমান ৮ হ্যাটট্রিক করেছেন হ্যারি কেন, মাইকেল ওয়েন ও থিয়েরি অঁরি। ১২টি করে শীর্ষে আছেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।
ম্যাচ শেষে ৫৩ বর্ষী গার্দিওলা বলেছেন, ‘হালান্ডকে কিছু বলার মতো কোনো শব্দ আসলে আমার কাছে নেই। আমরা যেটি করতে পারি তা হল, তাকে বক্সের মধ্যে আরও বেশি খেলার সুযোগ করে দিতে পারি। এই কাজটি আমরা করতে পারি। আমরা সেখানে আছি এবং গুণমান যোগ করেছি।’
‘ম্যানসিটি এখন দারুণ একটি দল। মাঠে যখন পিছিয়ে পড়ি, তখন কেউ জিজ্ঞাসা করে না যে দলের হাল কাকে ধরতে হবে। সবাই জানে কাজটি সবার। আর্লিংকে এই কাজটি সবসময়ই করতে দেখি, দুর্দান্ত একটি ব্যাপার।’








