স্বাস্থ্য

৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে, নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ

তামাক থেকে আয় ৪১ হাজার কোটি, ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে, নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

একটি দেশের ভবিষ্যৎ তরুণদের ওপর নির্ভর করে। তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নারী মৈত্রী আয়োজিত ‘তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষা ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে তামাক ও নিকোটিনজাত পণ্যের ক্রমবর্ধমান সহজলভ্যতা ও ব্যবহার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলছে।

এই ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ ও সহশিক্ষা কার্যক্রমসহ সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তামাক ব্যবহারকারী দেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে তামাক ব্যবহারের হার সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ শতাংশ। ভারতে এ হার ২৮ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানে ১৯ দশমিক ১ শতাংশ।

গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। টোব্যাকো অ্যাটলাস ২০২৫-এর তথ্য বলছে, তামাক ব্যবহারজনিত রোগে দেশে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া কয়েক লাখ মানুষ পঙ্গুত্বের শিকার হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট ও জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে তামাক খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। বিপরীতে, তামাক ব্যবহারের কারণে মৃত্যু, স্বাস্থ্যগত ক্ষতি ও পরিবেশের ক্ষতির আর্থিক পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা। অর্থাৎ তামাক খাত থেকে পাওয়া রাজস্বের তুলনায় তামাকের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি দ্বিগুণেরও বেশি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও তামাকবিরোধী নারী সংসদ সদস্য ফোরামের ভাইস চেয়ারপারসন মাহমুদা হাবিবা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসাইন, তামাকবিরোধী মাদার্স ফোরামের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তামাকবিরোধী শিক্ষক ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম।

মাহমুদা হাবিবা বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে সরকার এ বিষয়ে নীতিগত ভিত্তি তৈরি করেছে। তবে আইনটির বিধান কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট বিধিমালা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডা. সৈয়দ আকরাম হোসাইন বলেন, বাংলাদেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকি হলো তামাক ব্যবহার। হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি এফসিটিসির নির্দেশনা অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে তরুণরা নিজেদের সুরক্ষায় বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর দ্রুত বিধিমালা প্রণয়ন এবং নতুন ধরনের তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া।

শিশু, কিশোর ও তরুণদের কাছে তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে খুচরা শলাকা, খোলা তামাক ও প্যাকেটবিহীন তামাকজাত পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তারা।

নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আকতার ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে তামাকবিরোধী ইয়ুথ ফোরামের সদস্যদের পাশাপাশি তামাকবিরোধী মাদার্স ফোরাম, শিক্ষক ফোরাম ও নারী সাংবাদিক ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা দ্রুত কার্যকর বিধিমালা প্রণয়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

বিষয়:তামাক ছোবল নানামুখী পদক্ষেপ প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…