আন্তর্জাতিক

সোনা ভেবে বছরের পর বছর আগলে রাখা পাথরটি বিরল উল্কাপিণ্ড

সোনা ভেবে বছরের পর বছর আগলে রাখা পাথরটি বিরল উল্কাপিণ্ড

সংগৃহীত

সোনা রয়েছে ভেবে একটি ভারী পাথর বছরের পর বছর নিজের কাছে রেখেছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। পাথরটি ভাঙতে নানা চেষ্টা করেও সফল হননি তিনি। শেষ পর্যন্ত বিজ্ঞানীদের পরীক্ষায় জানা গেল, সেটি সাধারণ কোনো পাথর নয়, বরং প্রায় ৪৬০ কোটি বছরের পুরোনো একটি বিরল উল্কাপিণ্ড।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেরিবরো রিজিওনাল পার্কে মেটাল ডিটেক্টর দিয়ে সোনার সন্ধান করছিলেন ডেভিড হোল। এ সময় হলুদ রঙের কাদামাটির মধ্যে লালচে রঙের একটি ভারী পাথর খুঁজে পান তিনি।

এলাকাটি অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্বর্ণখনি অঞ্চলের অংশ। উনিশ শতকে সেখানে সোনার সন্ধানে ব্যাপক হিড়িক পড়েছিল। এ কারণে হোলের ধারণা ছিল, পাথরটির ভেতরে সোনার খণ্ড থাকতে পারে।

পাথরটি বাড়িতে নিয়ে করাত, গ্রাইন্ডার ও ড্রিল মেশিন দিয়ে কাটার চেষ্টা করেন তিনি। এমনকি অ্যাসিড ব্যবহার করেও পাথরটি ভাঙতে পারেননি। ভারী হাতুড়ির আঘাতেও অক্ষত ছিল সেটি।

যেভাবে জানা গেল পাথরটির আসল পরিচয়

বছরের পর বছর চেষ্টা করেও পাথরটির রহস্য উদ্‌ঘাটন করতে না পেরে একপর্যায়ে সেটি মেলবোর্ন জাদুঘরে নিয়ে যান হোল। সেখানে ভূতত্ত্ববিদ ডারমট হেনরি ও বিল বার্চ পাথরটি পরীক্ষা করে নিশ্চিত হন, এটি একটি উল্কাপিণ্ড।

হেনরি জানান, জাদুঘরে ৩৭ বছরের কর্মজীবনে তিনি হাজার হাজার পাথর পরীক্ষা করেছেন। তবে সাধারণ মানুষের নিয়ে আসা নমুনাগুলোর মধ্যে মাত্র দুটি প্রকৃত উল্কাপিণ্ড হিসেবে শনাক্ত হয়েছে। হোলের খুঁজে পাওয়া পাথরটি তার একটি।

প্রায় ১৭ কেজি ওজনের উল্কাপিণ্ডটির নাম রাখা হয়েছে ‘মেরিবরো মিটিওরাইট’। গবেষকেরা হীরার ধারযুক্ত বিশেষ করাত দিয়ে এর একটি ছোট অংশ কেটে পরীক্ষা করেন। এতে উচ্চমাত্রায় লোহার উপস্থিতি পাওয়া যায়। বিজ্ঞানীরা এটিকে ‘এইচ৫ অর্ডিনারি কনড্রাইট’ শ্রেণির উল্কাপিণ্ড হিসেবে শনাক্ত করেছেন।

এর ভেতরে সিলিকেট খনিজের ক্ষুদ্র স্ফটিকায়িত গোলাকার কণাও পাওয়া গেছে, যা ‘কনড্রুল’ নামে পরিচিত।

গবেষকদের মতে, উল্কাপিণ্ড সৌরজগতের সৃষ্টি ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। কিছু উল্কাপিণ্ডে সৌরজগতের জন্মেরও আগের উপাদান পাওয়া যায়। আবার কোনো কোনো উল্কাপিণ্ডে প্রাণের অন্যতম মৌলিক উপাদান অ্যামিনো অ্যাসিডের মতো জৈব যৌগের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে।

কোথা থেকে এসেছিল উল্কাপিণ্ডটি?

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জ থেকে উল্কাপিণ্ডটির উৎপত্তি। অন্য কোনো গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলে এটি নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে একপর্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে থাকতে পারে।

কার্বন ডেটিং পরীক্ষায় ধারণা করা হচ্ছে, উল্কাপিণ্ডটি এক হাজার বছরেরও কম সময় ধরে পৃথিবীতে রয়েছে। ১৮৮৯ থেকে ১৯৫১ সালের মধ্যে ওই অঞ্চলে উল্কা দেখার কয়েকটি নথিভুক্ত ঘটনার সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে উল্কাপিণ্ডের সন্ধান পাওয়া অত্যন্ত বিরল। সেখানে হাজার হাজার সোনার খণ্ড পাওয়া গেলেও এখন পর্যন্ত শনাক্ত হওয়া উল্কাপিণ্ডের মধ্যে মেরিবরো মিটিওরাইট মাত্র ১৭তম।

ফলে সোনার সন্ধানে বেরিয়ে ডেভিড হোল এমন এক মহাজাগতিক বস্তু খুঁজে পেয়েছেন, যা শুধু বিরলই নয়, সৌরজগতের প্রাচীন ইতিহাস জানতেও অত্যন্ত মূল্যবান।

বিষয়:উল্কাপিণ্ড মেরিবরো মিটিওরাইট মেলবোর্ন জাদুঘর স্বর্ণখনি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…