অর্থনীতি

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি, ৮ শহরে নতুন প্রকল্প

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি, ৮ শহরে নতুন প্রকল্প

ছবি: সংগৃহীত

দেশের আটটি শহরে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু-সহনশীল পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ১৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,’ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের প্রধান অর্থনৈতিক প্রবৃদ্ধি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সংলগ্ন পৌরসভা ও নগর এলাকায় সমন্বিত পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা হবে। এর সুফল পাবেন কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা শহরের বাসিন্দারা। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি ও স্যানিটেশন সেবার আওতায় আসবেন।

প্রকল্পটি এডিবির সহায়তাপুষ্ট ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের অংশ। এর মাধ্যমে উন্নত জনসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তা করা হবে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর জিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও সহনশীল সমাজ গঠনে নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা মৌলিক উপাদান। প্রকল্পটিতে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণের পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, ডিজিটাল ব্যবস্থা চালু এবং টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বর্ধনশীল শহরগুলোতে উন্নত সেবা দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করবে।

প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। এ ছাড়া স্মার্ট মিটারসহ ৬৫ হাজার আবাসিক পানির সংযোগ স্থাপন ও সংস্কার করা হবে। এসব সংযোগের অন্তত ১০ শতাংশ দেওয়া হবে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও বস্তিবাসীদের।

একই সঙ্গে সাতটি পানি শোধনাগার সংস্কার করা হবে। পানি সরবরাহ ব্যবস্থার তদারকি উন্নত করতে গড়ে তোলা হবে ৭৮টি ‘ডিস্ট্রিক্ট মিটার্ড এরিয়া’। এর ফলে পানির অপচয় বা সিস্টেম লসের হার ২০২৬ সালে ৫০ শতাংশের বেশি থেকে কমে ২০৩২ সালে ২০ শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে এডিবি।

এ ছাড়া নিম্ন আয়ের এলাকায় ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন এবং নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের উপযোগী চারটি গণশৌচাগার নির্মাণ করা হবে। এসব পাবলিক স্যানিটেশন সুবিধা পরিচালনা করবেন স্থানীয় নারী বাসিন্দারা।

২০২৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ‘কুমিল্লা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ (কুমিল্লা ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।

এদিকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটি খাতের সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সহায়তার জন্য এডিবি আলাদাভাবে ১ মিলিয়ন ডলার কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪৬ মিলিয়ন ডলার অর্থায়ন করবে।

বিষয়:১৫ কোটি ডলার উন্নয়ন ঋণ দিচ্ছে এডিবি এশীয় উন্নয়ন ব্যাংক কুমিল্লা চাঁদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…