নবজাতককে কোলে নিয়ে স্বামীকে শেষ বিদায়, অঙ্গদানে বাঁচবে তিন প্রাণ

ছবি: সংগৃহীত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ সিভিল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গান্ধীনগরের কাছে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ৩২ বছর বয়সী ওই ব্যক্তি। গত ২৬ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে আহমেদাবাদ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তার অবস্থার উন্নতি হয়নি। পরে ২৮ নভেম্বর প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা শেষে তাকে মস্তিষ্ক-মৃত (ব্রেন ডেড) ঘোষণা করেন চিকিৎসকরা।
হাসপাতালের অঙ্গদান বিভাগের সদস্যরা ওই ব্যক্তির স্ত্রীকে জানান, তার স্বামীর অঙ্গদানের মাধ্যমে অন্য রোগীদের জীবন বাঁচানো সম্ভব। স্বামী হারানোর শোকের মধ্যেও তিনি অঙ্গদানে সম্মতি দেন।
অঙ্গ সংগ্রহের আগে ২৮ দিন বয়সী ছেলেকে কোলে নিয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে হাসপাতালে আসেন ওই নারী। তিন সন্তানের জনক ওই ব্যক্তিকে শেষ বিদায় জানান পরিবারের অন্য সদস্যরাও।
ওই ব্যক্তির একটি লিভার ও দুটি কিডনি দান করা হয়েছে। এসব অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অঙ্গের অপেক্ষায় থাকা তিন রোগী নতুন জীবন পাওয়ার সুযোগ পাচ্ছেন।
আহমেদাবাদ সিভিল হাসপাতালে এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় এবং এ পর্যন্ত ২৬৪তম অঙ্গদানের ঘটনা। হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৬৪ জন দাতার কাছ থেকে ১ হাজার ১৪৩টি অঙ্গ ও টিস্যু সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৮৭৭টি অঙ্গ ও ২৬৬টি টিস্যু।
আহমেদাবাদ সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. রাকেশ জোশি বলেন, অঙ্গদান বিভাগের সদস্য, বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এই জীবনরক্ষাকারী উদ্যোগ এগিয়ে যাচ্ছে।
অঙ্গদান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় যেন কোনো রোগীকে প্রাণ হারাতে না হয়, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য সাধারণ মানুষকে অঙ্গদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





