রাজধানীতে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে নদীর তীর সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, নতুন নৌরুট চালু, আধুনিক নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম এমপি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে।
নদীর তীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, নদীর দুই পাশ সংরক্ষণ করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীর এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যাতে মানুষ নিয়মিত হাঁটাচলা করতে পারেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণের পাশাপাশি নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতাও নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।
নদীদূষণের উৎস সম্পর্কে মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলো দূষিত হওয়ার পেছনে প্রায় ৪২৬টি দূষণের উৎস বা স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নৌযোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, নদীকে শুধু যাতায়াতের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ জন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব নৌস্টেশন ও ঘাটের সঙ্গে সড়ক যোগাযোগব্যবস্থার সমন্বয় করা হবে।
মন্ত্রী আরও বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শেখ রবিউল আলম বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে আজকের কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্যও তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। একই সঙ্গে নগরবাসীর যাতায়াতের নতুন সুযোগ সৃষ্টি, নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন সম্প্রসারণ এবং একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরপরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।





