আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত ৬

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত ৬

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ৩০ জন। নিহতদের মধ্যে চিকিৎসক, হাসপাতালের কর্মী, রোগী ও তাদের স্বজনেরা রয়েছে। নিহতদের মধ্যে ডা. রিজক আবু শাইরা নামের একজন সার্জনও রয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি’র প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাতে হাসপাতালের আল-ইয়াসিন সার্জারি ভবনে এ হামলা চালানো হয়।

হাসপাতালের পরিচালক ডা. আহমেদ আল-ফারা জানান, ভবনটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি বিস্ফোরিত হয়নি। ভবনটিতে অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল।

তিনি বলেন, এ হামলায় হাসপাতালের চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালের ভেতরে ধোঁয়া ও দ্বিতীয় তলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। বিস্ফোরণে চিকিৎসা সরঞ্জাম ও রোগীদের ব্যবহৃত বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া অস্ত্রোপচার কক্ষ, ওয়ার্ড, চিকিৎসকদের বিশ্রামকক্ষ, করিডর ও লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাসের সশস্ত্র শাখার একজন কমান্ডার এবং কয়েকজন যোদ্ধাকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। তাদের দাবি, হাসপাতালটিকে হামাস নিজেদের সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল।

তবে, ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। সংগঠনটি বলেছে, হামলার দায় আড়াল করতে ইসরায়েল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তাদের ভাষায়, এটি নতুন একটি যুদ্ধাপরাধ আড়াল করার চেষ্টা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও রোগীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও প্রচলিত বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, হাসপাতাল ও চিকিৎসাসেবাকেন্দ্র বিশেষ সুরক্ষার আওতায় থাকে। তবে কোনো হাসপাতাল সামরিক কাজে ব্যবহৃত হলে নির্দিষ্ট শর্তে সেই সুরক্ষা হারাতে পারে। সে ক্ষেত্রেও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আনুপাতিকতা ও সতর্কতার নীতি মেনে চলা বাধ্যতামূলক।

উল্লেখ্য, খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতাল। প্রায় ১০ লাখ মানুষ এই হাসপাতালের চিকিৎসাসেবার ওপর নির্ভরশীল।

গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের স্বাধীনভাবে প্রবেশের সুযোগ না থাকায় সেখানে সংঘটিত হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

বিষয়:ইসরায়েলি হামলা নাসের মেডিকেল কমপ্লেক্স ফিলিস্তিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…