গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ছত্রভঙ্গ করেছে পুলিশ

গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং মজুরি বোর্ডের ঘোষিত বেতন কাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে জেলার ১৯টি পোশাক কারখানায় বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ি, নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও শ্রমিকেরা অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় তারা সেখান থেকে সরে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, নাওজোড় এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। পরে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় সৃষ্ট উত্তেজনার কারণে পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।






