ফুটবল

মুক্তিযোদ্ধা স্বীকৃতি ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রাণ গোবিন্দ কুন্ডু

নাম, বাবার নাম ও ঠিকানা ভুলের গেজেট সংশোধন হয়েছে

মুক্তিযোদ্ধা স্বীকৃতি ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের প্রাণ গোবিন্দ কুন্ডু

স্বাধীন বাংলা ফুটবল দলের লড়াকু খেলোয়াড়, একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নামের, বাবার নামের ও ঠিকানা ভুলের সংশোধন জটিলতার অবসান ঘটেছে। গেজেট সংশোধন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তাতে মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি ফিরে পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি।

১৬ নভেম্বর মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগের প্রজ্ঞাপনে ভুলভাবে অন্তর্ভুক্ত ‘পবিন্দ কুন্ড, পিতা সুকুমার কুন্ড’র পরিবর্তে প্রাণ গোবিন্দ কুন্ডুর ও সঠিক পরিচয় অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পিতার নাম মৃত চিত বিনোদ কুন্ডু। ঠিকানা নারায়ণগঞ্জের লয়েল ট্যাক রোড, ২৫/বি।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রাণ গোবিন্দ কুন্ডু। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে দলটি ভারতের বিভিন্ন স্থানে ১৬টি প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেয়। অস্ত্রের পরিবর্তে ফুটবলকে হাতিয়ার করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত তৈরিতে ভূমিকা রাখা দলের অন্যতম খেলোয়াড় তিনি।

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে বিভিন্ন দলিলপত্রে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম সঠিক থাকলেও সরকারি গেজেটে ভুলবশত অন্য নামে তার পরিচয় প্রকাশিত হয়। সেখানে তার নাম লেখা হয় ‘পবিন্দ কুন্ড’ এবং পিতার নাম উল্লেখ করা হয় ‘সুকুমার কুন্ড’। ঠিকানাতেও ছিল অসংগতি।

দীর্ঘদিন নিউইয়র্কে প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর ২০২২ সাল থেকে গেজেট সংশোধনের জন্য চেষ্টা চালিয়ে আসছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। এজন্য স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রমাণপত্র এবং হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে জমা দেন। দীর্ঘদিন পর সেই সমস্যার সমাধান পেলেন।

তার আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। একইবছর জেলা প্রশাসক তদন্ত শেষে মন্ত্রণালয়কে জানান, পূর্বের গেজেটে উল্লেখিত ‘পবিন্দ কুন্ড’ নামে বাস্তবে কোন ব্যক্তির অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে প্রাণ গোবিন্দ কুন্ডুই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য। জেলা প্রশাসকের তদন্তে গেজেটে প্রকাশিত ভুল পরিচয়ের সঙ্গে প্রাণ গোবিন্দ কুন্ডুর প্রকৃত পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়।

এরপরও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় দীর্ঘদিন আটকে ছিল গেজেট সংশোধনের বিষয়টি। অবশেষে সরকারি গেজেটে প্রকৃত নাম ও পরিচয় অন্তর্ভুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু।

বিষয়:আযম খান গেজট প্রাণ গোবিন্দ কুন্ডু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…