বিনোদন

‘আমার অস্থিরতার শান্তি ভিকি’- ক্যাটরিনার আবেগঘন বার্তা

‘আমার অস্থিরতার শান্তি ভিকি’- ক্যাটরিনার আবেগঘন বার্তা

অভিনেত্রী, উদ্যোক্তা , স্ত্রী ও মাতৃত্বের একাধিক দায়িত্ব সামলাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্যচর্চার ব্র্যান্ড ‘কে বিউটি’র ব্যবসাও দেখভাল করছেন। এত ব্যস্ততার মধ্যেও পাশে পাচ্ছেন স্বামী ভিকি কৌশলকে। ভিকিকে নিজের ‘অস্থিরতার শান্তি’ বলে উল্লেখ করেছেন। 

সম্প্রতি সিএনবিসি-টিভি১৮কে সাক্ষাৎকারে নাইকার সহপ্রতিষ্ঠাতা অদ্বৈতা নায়ারের সঙ্গে আলাপে ব্যক্তিগত জীবন, ব্যবসা ও মাতৃত্ব নিয়ে বলেছেন ক্যাটরিনা। সেখানে কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

ক্যাটরিনা জানান, ব্যবসার কাজে এতটাই ডুবে থাকেন যে সময়ের হিসাব রাখা কঠিন হয়ে পড়ে। ছুটির দিনেও কাজ নিয়ে আলোচনা চলে। এ কারণে ভিকি প্রায়ই তাকে ফোন সরিয়ে রেখে কিছুটা বিরতি নেয়ার পরামর্শ দেন।

ক্যাটরিনা বলেছেন, ‘কাজের সময়ের কোন নির্দিষ্ট হিসাব থাকে না। তবে ভিকি এ বিষয়ে খেয়াল রাখেন। প্রায়ই ফোন নামিয়ে রাখতে বলেন। কিন্তু কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহ থাকলে সময়ের হিসাব কিংবা ঘড়ির ‍দিকে তাকানোর কথা মনে থাকে না। কখনো কখনো রোববারেও তাদের কাজ নিয়ে আলোচনা করতে হয়।’

জীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়ে ক্যাটরিনা বলেছেন, ‘নিজের প্রতি সহনশীল হওয়া জরুরি। জীবনের প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নিতে সময় দিতে হবে নিজেকে। একজন অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী কিংবা মা-যে পরিচয়েই থাকুন না কেন, সব দায়িত্ব একসঙ্গে সামলানোর জন্য নিজেকে সময় দেয়া প্রয়োজন।’

সবকিছু নিখুঁতভাবে সামলানোর প্রত্যাশা থেকেও বেরিয়ে আসার পরামর্শ দেন ক্যাটরিনা। তার মতে, কখনো কখনো একসঙ্গে অনেক দায়িত্ব পালন করতে গিয়ে চাপ তৈরি হতে পারে। তাই নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হওয়া উচিত।

এসময় স্বামী ভিকির সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন ক্যাটরিনা। বলেন, ‘আমার স্বামী ভীষণ সহযোগিতাপরায়ণ। সে আমার অস্থিরতার শান্তি।’

২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের প্রথম সন্তানের জন্ম। ছেলের নাম রেখেছেন ভিহান।

মাতৃত্ব নিয়েও ভাবনা তুলে ধরেছেন ক্যাটরিনা। আগে ভোগ ইন্ডিয়াকে সাক্ষাৎকারে সন্তান জন্মের পর আগের শারীরিক অবস্থায় ফিরে যাওয়ার সামাজিক প্রত্যাশা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ক্যাটরিনার মতে, মাতৃত্ব তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশের পর আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চিন্তা কেন করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

একই সাক্ষাৎকারে বাবা হিসেবে ভিকির প্রশংসা করেন ক্যাটরিনা। তার ভাষ্য, দীর্ঘ ১৪, ১৬ কিংবা ১৮ ঘণ্টা কাজ করার পরও ভিকি সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে পুরোপুরি মনোযোগী থাকেন। কাজের ব্যস্ততা ও ক্লান্তির মধ্যেও পরিবারের প্রতি তার এই দায়িত্বশীলতা ক্যাটরিনার কাছে বিশেষভাবে প্রশংসনীয়।

চলচ্চিত্রে ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া শ্রীরাম রাঘবনের থ্রিলার সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ। ছবিতে তার সহশিল্পী ছিলেন বিজয় সেতুপতি। হিন্দুস্তান টাইমস

বিষয়:কে বিউটি ক্যাটরিনা কাইফ বলিউড অভিনেত্রী ভিকি কৌশল মাতৃত্ব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…