ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ভালো কাটেনি রিশভ পান্টের। প্রথমবার নেতৃত্ব দেয়ার সিরিজে ৪ ম্যাচে মাত্র ৫৭ রান করেন বাঁহাতি ব্যাটার। ইংল্যান্ডের বিপক্ষে আসছে টি-টুয়েন্টি সিরিজে তাই টিম ম্যানেজমেন্টকে পান্টের ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজে পান্টকে ওপেনিংয়ে দেখতে চান গাভাস্কার।
‘পান্টকে ওপেনিংয়ে পাঠানো, একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের দিকে তাকান, সাদা বলের ক্রিকেটে সে কতটা সফল! টেস্টে ৬-৭ নম্বরে ব্যাট করলেও সাদা বলের খেলায় তিনি ওপেন করতেন। ওপেনিংয়ে কতোটা বিধ্বংসী ছিলেন সেটা সবারই জানা।’
‘আমার মনে হয় সাদা বলের ক্রিকেটে গিলক্রিস্টের মতো বিধ্বংসী হয়ে উঠতে পারে পান্ট। ওপেনিংয়ে আসলে সে আরও বেশি বল খেলার সুযোগ পাবে।’
এজবাস্টন টেস্টে দল হারলেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরেছেন পান্ট। প্রথম ইনিংসে বিপর্যয়ের সময়ে সেঞ্চুরি তুলে নিয়ে খেলায় ফিরিয়েছেন ভারতকে। দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন ফিফটি। টেস্টের এ ফর্ম টি-টুয়েন্টিতেও ধরে রাখতে পান্টকে উপরের দিকে খেলানোর পরামর্শ গাভাস্কারের।








