টি-টুয়েন্টি বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে শুরু হয়েছে ভারতের সুপার এইট যাত্রা। প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের বড় হার দেখেছে স্বাগতিকরা। পরে ওপেনার অভিষেক শর্মাকে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
বিশ্বকাপের আগে উড়তে থাকা অভিষেকের বিশ্বকাপ ভালো যাচ্ছে না। ৩ ম্যাচে ৩ ডাক মারার পর সাউথ আফ্রিকার বিপক্ষেও সুবিধা করতে পারেননি। বাঁহাতি ব্যাটার ১২ বল খেলে ১৫ রান করে আউট হন মার্কো জানসেনের বলে।
অভিষেকের আউট বিশ্লেষণ করে গাভাস্কার বলেছেন, ‘তার মধ্যে এই মুহূর্তে সাবলীলতা নেই। নেটে জানেন যে, প্রথম বলে আউট হলেও পরের বলও আপনাকে খেলতে হবে। কিন্তু একটি ম্যাচে এই গল্পটি সম্পূর্ণ ভিন্ন।’
‘সেই চাপ প্রায় নিথর করে দিতে পারে, বড় শট খেলার সময় হাতের অবাধ চলাচলে বাধা সৃষ্টি করে। সে সেখানে কিছুটা আটকে গিয়েছিল এবং সাউথ আফ্রিকা খুব চালাকির সাথে বোলিং করেছে। তারা জানে সে জায়গা করে নিতে এবং অফ-সাইড দিয়ে খেলতে পছন্দ করে। রাবাদাকে দেখুন, ছক্কা হজম করেও ক্রমাগত প্যাড লক্ষ্য করে বল করছিল।’
‘ব্যাটাররা শট নির্বাচনে ভুল করেছে। ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিসকে দেখেন, যেখানে বল ব্যাটে আসছিল না সেখানেও তারা ভালোভাবে রান করেছে। যাইহোক, ভারতের ব্যাটাররা সেটিই করতে পারেনি।’








