বিনোদন

‘কাঁটে’ থেকে ‘কাবিল’: সঞ্জয়ের ক্যারিয়ার গড়ে দেওয়া পাঁচ সিনেমা

‘কাঁটে’ থেকে ‘কাবিল’: সঞ্জয়ের ক্যারিয়ার গড়ে দেওয়া পাঁচ সিনেমা

বলিউডের চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘কাবিল’-এর মতো সিনেমা। অপরাধজগতের গল্প, টানটান অ্যাকশন এবং মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এসব সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে নিজস্ব পরিচিতি তৈরি করেছিলেন তিনি।

মাত্র ৫৭ বছর বয়সে শনিবার (৩১ অক্টোবর) তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার এমন প্রয়াণে ভক্ত অনুরাগীরা কথা বলছেন সঞ্জয়ের নির্মিত সিনেমাগুলো নিয়ে। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য পাঁচটি সিনেমার দিকে ফিরে তাকানো যেতে পারে-

কাঁটে (২০০২)

সঞ্জয় গুপ্তের অন্যতম পরিচিত সিনেমা ‘কাঁটে’। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি ও মহেশ মাঞ্জরেকর অভিনীত ছবিটির গল্প লস অ্যাঞ্জেলেসে একটি ব্যাংক ডাকাতির পরিকল্পনা করা ছয় ব্যক্তিকে ঘিরে। একাধিক তারকার উপস্থিতি, টানটান অ্যাকশন ও অন্ধকারময় বাস্তবধর্মী আবহ সিনেমাটিকে আলাদা পরিচিতি দেয়। মুক্তির পর ক্রাইম থ্রিলারপ্রেমীদের কাছে ধীরে ধীরে কাল্ট সিনেমার মর্যাদা অর্জন করে ‘কাঁটে’।

শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা (২০০৭)

১৯৯১ সালে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা কমপ্লেক্সে সংঘটিত পুলিশের গুলির ঘটনা অবলম্বনে নির্মিত হয় ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। বিবেক ওবেরয়, সঞ্জয় দত্ত ও অমিতাভ বচ্চন অভিনীত সিনেমাটিতে একদল গ্যাংস্টারের বিরুদ্ধে পুলিশের অভিযান তুলে ধরা হয়েছে। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত ছবিটিতে অপরাধজগতের নানা দিক ও তীব্র অ্যাকশন উঠে এসেছে। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডকে পর্দায় তুলে ধরার ক্ষেত্রে এটি সঞ্জয় গুপ্তের অন্যতম স্মরণীয় কাজ।

কাবিল (২০১৭)

হৃতিক রোশন ও ইয়ামি গৌতম অভিনীত ‘কাবিল’ প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ভিন্নধর্মী একটি সিনেমা। এতে হৃতিক রোশন অভিনয় করেছেন দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তির চরিত্রে। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে সে কঠিন পথে এগিয়ে যায়। অপরাধ ও অ্যাকশননির্ভর গল্পের বাইরে আবেগঘন প্রতিশোধের কাহিনি তুলে ধরে সিনেমাটি সঞ্জয় গুপ্তের নির্মাণশৈলীতে ভিন্ন মাত্রা যোগ করে।

শুটআউট অ্যাট ওয়াডালা (২০১৩)

জন আব্রাহাম, অনিল কাপুর ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ একটি অপরাধভিত্তিক সিনেমা। মুম্বাইয়ের গ্যাংস্টার মান্যা সুরভের উত্থান এবং পুলিশের সঙ্গে তার সংঘাতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় সঞ্জয় গুপ্তের পরিচিত নির্মাণশৈলী—স্টাইলিশ অ্যাকশন, তীব্র সংঘাত ও গতিময় গল্প বলার ধরন—স্পষ্টভাবে ফুটে উঠেছে।

জিন্দা (২০০৬)

সঞ্জয় দত্ত, জন আব্রাহাম ও লারা দত্ত অভিনীত ‘জিন্দা’ রহস্য ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত। সিনেমাটিতে এক ব্যক্তিকে অপহরণ করে ১৪ বছর বন্দি করে রাখা হয়। মুক্তি পাওয়ার পর সে নিজের জীবনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার উত্তর খুঁজতে এবং প্রতিশোধ নিতে বেরিয়ে পড়ে। রহস্য, মানসিক টানাপোড়েন ও প্রতিশোধের কাহিনি সিনেমাটিকে সঞ্জয় গুপ্তের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে জায়গা করে দিয়েছে। এনডিটিভি 

 

বিষয়:কাঁটে কাবিল জিন্দা পরিচালক বলিউড মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…