আন্তর্জাতিক

ভারতের স্কুলে বিদ্যুচালিত করাত দিয়ে দুই ছাত্রীকে হামলা

ভারতের স্কুলে বিদ্যুচালিত করাত দিয়ে দুই ছাত্রীকে হামলা

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের একটি সরকারি স্কুলে ক্লাস চলাকালে চেইনসো (বিদ্যুচালিত করাত) নিয়ে ঢুকে দুই ছাত্রীর ওপর হামলা চালিয়েছেন ২১ বছর বয়সী এক যুবক। এতে দুই ছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাডু এলাকার জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই সময় দশম শ্রেণির একটি কক্ষে শিক্ষক উপস্থিতিতে পাঠদান চলছিল। হঠাৎ চেইনসো (বিদ্যুচালিত করাত) নিয়ে শ্রেণিকক্ষে ঢুকে দুই ছাত্রীর ওপর হামলা চালান ওই যুবক।

শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

আহত দুই ছাত্রীকে দ্রুত অনন্তপুরের সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার চলছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেঙ্গালুরুর একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত যুবকের নাম হেমন্ত ওরফে দুম্মু। হামলার পর স্কুল থেকে পালিয়ে গেলেও পরে ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রী সত্য সাই জেলার ধর্মবরম এলাকার নাগালুর গ্রামের বাসিন্দা। আহত এক ছাত্রীর সঙ্গে তার দূরসম্পর্কের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, শ্রেণিকক্ষে একজন ছাত্রীর ওপর এমন বর্বর হামলায় তিনি মর্মাহত ও ক্ষুব্ধ। আহত ছাত্রীর চিকিৎসার বিষয়টি তিনি নিজে পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি অভিযুক্তকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বিষয়:অন্ধ্রপ্রদেশ স্কুল আহত গ্রেপ্তার চেইনসো (বিদ্যুচালিত করাত) মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু যুবক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…