শিক্ষা

কৃত্রিমভাবে পাসের হার, জিপিএ-৫ ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে যে বার্তা

কৃত্রিমভাবে পাসের হার, জিপিএ-৫ ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে যে বার্তা

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়িয়ে দেখানোর পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবার শিক্ষার্থীদের মেধার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন। অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরপত্র মূল্যায়ন শতভাগ নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। জিপিএ-৫ কিংবা পাসের হার কৃত্রিমভাবে বাড়িয়ে দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে মেধার প্রকৃত মূল্যায়ন এবং প্রশ্নপত্রের মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রীর তত্ত্বাবধানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভির আওতা বাড়ানো এবং ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে আনন্দমুখর ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে উপদেষ্টা বলেন, তাদের শিক্ষাজীবন থেকে যেন একটি বছর ঝরে না যায়, সে জন্য দ্রুত পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সম্ভব হলে এক মাসের মধ্যেই এ পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি এসএসসি পরীক্ষার মতো পুরো উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে মাহদী আমিন বলেন, এইচএসসির ফলই জীবনের শেষ মাপকাঠি নয়। ফলাফলের চেয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাহস জোগানো বেশি জরুরি।

তিনি আরও বলেন, সরকার শুধু চিকিৎসক বা প্রকৌশলী তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। আধুনিক কারিগরি শিক্ষা, ভোকেশনাল কোর্স ও ভাষা শিক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর পছন্দ ও দক্ষতার বিকাশে আন্তমন্ত্রণালয় সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলী, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা-সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মূল্যায়ন মেধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…