বিনোদন

সন্তান জন্মের পর শরীর নিয়ে কটাক্ষ, যে প্রশ্ন রাখলেন ক্যাটরিনা

সন্তান জন্মের পর শরীর নিয়ে কটাক্ষ, যে প্রশ্ন রাখলেন ক্যাটরিনা

সন্তান জন্মের পর নারীদের দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

মাতৃত্বের পর নিজের শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়লেও সমালোচনাকে গুরুত্ব দিতে চান না তিনি। বরং জীবনের এই বিশেষ সময় উপভোগ করা এবং নিজের গতিতে এগিয়ে যাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব, শারীরিক পরিবর্তন এবং শরীর নিয়ে মানুষের নেতিবাচক মন্তব্য সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন ক্যাটরিনা।

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সংসার করছেন ক্যাটরিনা। এক বছর আগে তাদের ছেলে বিহানের জন্ম হয়। গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের আয়োজিত গণেশ চতুর্থীর অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সন্তান জন্মের পর জনসমক্ষে তার অন্যতম উল্লেখযোগ্য উপস্থিতি ছিল এটি। অনুষ্ঠানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক গঠন নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়।

এ ধরনের সমালোচনার প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, সন্তান জন্মের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। বিষয়টি সম্পর্কে মানুষের জানার যথেষ্ট সুযোগ রয়েছে। তারপরও কেউ যদি নারীর শরীর নিয়ে কঠোর মন্তব্য করেন, সেটি তার ব্যক্তিগত মানসিকতার পরিচয় দেয়।

অভিনেত্রীর কথায়, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের পরিবর্তনশীল মতামত আমাদের নানা দিকে টেনে নিয়ে যেতে চায়। আমি জীবনের এই সুন্দর সময়টিতে এবং সামনে এগিয়ে যাওয়ার পথেই মনোযোগ দিতে চাই।’

সন্তান জন্মের পর নারীদের দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্যাটরিনা। তিনি বলেন, ‘আবার আগের অবস্থায় ফিরব? কেন? আমি তো এমন একটি ধাপে এগিয়ে এসেছি, যা আমার হৃদয়ের গভীরের আকাঙ্ক্ষা ছিল। তাহলে কেন আমি পিছিয়ে যেতে চাইব?’

মাতৃত্বের প্রথম মুহূর্তের স্মৃতিও তুলে ধরেন অভিনেত্রী। তার ছেলে বিহানকে প্রথমবার দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান তিনি। ক্যাটরিনা ও ভিকির চার বছরের যাত্রার পর তাদের জীবনে আসে এই আনন্দময় মুহূর্ত।

নিজের শরীরচর্চা ও সুস্থতার বিষয়েও সচেতন ক্যাটরিনা। তবে অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে তাড়াহুড়ো করে শারীরিক পরিবর্তন আনতে চান না তিনি। নিজের শরীর কখন ভালো থাকে এবং কখন সবচেয়ে বেশি শক্তি অনুভব করেন, সে বিষয়ে সচেতন থাকার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, নিজের গতিতেই তিনি কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছাতে চান।

সন্তান জন্মের পর নারীদের চেহারা ও শারীরিক গঠন নিয়ে সমালোচনা বলিউডে নতুন ঘটনা নয়। অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চনকেও বিভিন্ন সময়ে এ ধরনের মন্তব্যের মুখে পড়তে হয়েছে। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে তার উপস্থিতি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়।

এদিকে, নারীদের চেহারা নিয়ে অতিরিক্ত সমালোচনা এবং সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড চাপিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন চলচ্চিত্রজগতের আরও কয়েকজন তারকা। মাধুরী দীক্ষিত, সালমান খান, ম্রুণাল ঠাকুর ও পরিণীতি চোপড়াও শিল্পীদের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত মনোযোগের সমালোচনা করেছেন।টেলিগ্রাফ ইন্ডিয়া

বিষয়:কটাক্ষ ক্যাটরিনা কাইফ প্রেগনেন্ট বলিউড ভিকি কৌশল মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…